২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একজনের দিকে আঙুল তুলবেন না অধিনায়ক তামিম

মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক বললেন, কোনো একজনকে নিয়ে অভিযোগ বা সমালোচনা কখনোই করবেন না তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 10:22 PM

Updated : 03 Mar 2023, 10:22 PM

প্রশ্নটা হলো মাহমুদউল্লাহর পারফরম্যান্স আর একাদশে তার জায়গা নিয়ে। তামিম ইকবাল মনে করিয়ে দিলেন, আগের সিরিজেই ম্যাচ জেতানো ইনিংস আছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক স্পষ্ট জানিয়ে রাখলেন, কারও দায় থাকলেও কখনও কোনো একজনকে কাঠগড়ায় তুলবেন না তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার যখন ক্রিজে যান মাহমুদউল্লাহ, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন তখন ওভারপ্রতি ৮ রানের বেশি। কিন্তু সেই দাবি মেটাতে পারেননি তিনি। দলের পরাজয়ের ক্ষেত্র অবশ্য তৈরি হয়েছিল আগেই। তবে মাহমুদউল্লাহ পারেননি নিজের কাজটুকু করতে কিংবা নিজের বা দলের জন্য কার্যকর ইনিংস খেলতে। আউট হয়ে যান তিনি ৪৯ বলে ৩২ রান করে। তখনও বাকি ছিল ইনিংসের ১২ ওভার। 

সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ইনিংস ছিল অনেকটা একইরকম। সেদিন তিনি বিদায় নেন ৪৮ বলে ৩১ রান করে। আগেই ৫ উইকেট হারানো দল তাতে বিপদে পড়ে যায় আরও। 

সিরিজ শুরুর আগে অধিনায়কের সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠেছিল মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে। দ্বিতীয় ম্যাচ শেষেও সংবাদ সম্মেলনে তামিমের দিকে প্রশ্ন ছুটে গেল, একাদশে মাহমুদউল্লাহর নিশ্চিত জায়গাটা নড়বড়ে হয়ে গেছে কি না। বাংলাদেশ অধিনায়কের উত্তরে মিশে থাকল বিরক্তির রেশ। 

“বারবার একই জিনিস বলতে আমি খুব বেশি পছন্দ করি না যে, এক সিরিজ আগেই একটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন উনি। একটা সিরিজ আগেই…। তো একটা সিরিজের মধ্যে, দুই-তিন ম্যাচের মধ্যে যদি প্রত্যেকবার আপনারা একই প্রশ্ন করতে থাকেন বা একইভাবে তাকে চাপে ফেলতে থাকেন, তা কোনো দলের জন্যই স্বাস্থ্যকর নয়। আপনার নিজের দেশেরই ক্রিকেটার কিন্তু!” 

“সঙ্গে আমি এটাও বলব যে, শুধু উনার নয়, আমাদের সবারই আরও অনেক জায়গা আছে যে দলের জন্য অনেক অবদান রাখতে পারি। ফিল্ডিং হোক বা ব্যাটিং, কিংবা কথার ইনপুট হোক, অনেকভাবেই করতে পারি।” 

সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যখন ৬৯ রারে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দল, সপ্তম উইকেটে তখন মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৪৮ রানের অসাধারণ জুটি গড়েন মাহমুদউল্লাহ। আটে নেমে মিরাজের অসাধারণ সেঞ্চুরির ইনিংসে তিনি করেন ৭৭। তামিমের ইঙ্গিত সেই ইনিংসের দিকেই। 

নিজের কথার রেশ রেখেই তামিম পরে যোগ করলেন, অধিনায়ক হিসেবে কোনো পরিস্থিতিতেই কাউকে দায় দেবেন না তিনি, বরং চেষ্টা করবেন আড়াল করতে। 

“আমি এই দলের অধিনায়ক। আমি কোনো প্রসঙ্গেই কোনো একজনের দিকে আঙুল তুলতে পছন্দ করি না। সেটা দোষ হোক বা না হোক। আমি এখানে (সংবাদ সম্মেলনে) আছি তাদেরকে সেভ করতে, অভিযোগ করতে বা সমালোচনা করতে নয়।”