১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির দাপটে ভেস্তে গেল যুবাদের ম্যাচ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউ জিল্যান্ড ও বাংলাদেশের ম্যাচটিতে খেলা হয়েছে স্রেফ ১০ ওভার।

বৃষ্টির দাপটে ভেস্তে গেল যুবাদের ম্যাচ
উদযাপন করছেন পেসার ইকবাল হোসেন। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 07:59 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

প্রকৃতির বাগড়ায় ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। কিছুক্ষণ খেলা চলার পরে আরেক দফায় হানা দিল বৃষ্টি। তাতে ভেস্তে গেল বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ। 

বুলাওয়ায়োতে মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচটিতে খেলা হয়েছে স্রেফ ১০ ওভার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে নিউ জিল্যান্ড।

সকাল থেকেই দফায় দফায় নামে বৃষ্টি। তাতে টস হয় অনেক দেরিতে। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর।

৪৭ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের চতুর্থ বলে আল ফাহাদকে ছক্কায় ওড়ান হুগো বোগ। পরের ওভারে কিউই ওপেনারের স্টাম্প ভেঙে দেন ইকবাল হোসেন।

এরপর আর প্রতিপক্ষের উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ৩ চারে ৩৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন ওপেনার আরিয়ান মান। তিনে নেমে অধিনায়ক টম জোন্স এক ছক্কায় করেন ১৮ বলে ১৬।

দশম ওভার শেষে বৃষ্টি নামলে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা। 

ভারতের বিপক্ষে হেরে এবারের আসর শুরু করে বাংলাদেশ। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে আছে আজিজুল হাকিমের দল। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ জিল্যান্ড। শীর্ষে থাক ভারতের পয়েন্ট ৪।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যা যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ১০ ওভারে ৫৭/১ (আরিয়ান ২০*, হুগো ৮, জোন্স ১৬*; ফাহাদ ৪-০-২৫-০, ইকবাল ৩-০-১২-১, সামিউন ২-০-৯-০, শাহরিয়ায় ১-০-৪-০)