২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় পেছনে ফেলে ‘সামনে চোখ’ দ. আফ্রিকার

কাগিসো রাবাদা বলেছেন, টেস্টের মুকুট জেতার উচ্ছ্বাস থেকে বেরিয়ে এখন সামনের পথচলায় মনোযোগ দিচ্ছেন তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় পেছনে ফেলে ‘সামনে চোখ’ দ. আফ্রিকার
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। ছবি: প্রোটিয়াস মেন ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্যের একটি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে বুঁদ থাকার সময় শেষ বলে মনে করছেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা এই পেসার বলেছেন, টেস্টের মুকুট জেতার উচ্ছ্বাস থেকে বেরিয়ে এখন সামনের পথচলায় মনোযোগ দিচ্ছেন তারা।

ক্রিকেট তীর্থ লর্ডসে গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। তাতে ২৭ বছর পর কোনো আইসিসি ট্রফি জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা। এর আগে ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা।

এত বড় সাফল্যের রেশ এখনই কাটার কথা নয় দক্ষিণ আফ্রিকা দলের। তবে সেই উচ্ছ্বাস নিয়ে পড়ে থাকাও তো যায় না। দুয়ারে যে কড়া নাড়ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এবার সেদিকে মনোযোগ দেওয়ার কথা সংবাদ সম্মেলনে বলেছেন রাবাদা।

“আমি মনে করি, এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়) ছিল বিশেষ এক অর্জন। এরপর থেকে এই জয় নিয়ে অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছি।”

“আমার মনে হয়, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। আমার মনে হয় না, দল হিসাবে আমরা এই সাফল্যকে ভুলতে পারব, দক্ষিণ আফ্রিকা কোনোদিন ভুলতে পারবে। তবে এখন সময় সামনে এগোনোর।”

আগামী রোববার টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মাঠের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ১২ ও ১৬ অগাস্ট।

এরপর তিনটি ওয়ানডে খেলবে দল দুটি। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৯, ২২ ও ২৪ অগাস্ট।