১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৭২২ রানের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারতের যুবারা

বৈভাব সুরিয়াভানশির রেকর্ড গড়া ১৭৫ রানের জবাবে ঝড়ো সেঞ্চুরি করলেন ক্যালেব ফ্যালকনার, তবু বড় ব্যবধানে হারল ইংল্যান্ড।

৭২২ রানের ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ভারতের যুবারা
যুব বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতল ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 11:41 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

অফ স্পিনার কানিস্ক চৌহানের ইয়র্কার লেংথ ডেলিভারিতে ব্যাট পেতে দিলেন ক্যালেব ফ্যালকনার। পয়েন্টে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন খিলান প্যাটেল। উল্লাসে মেতে উঠল গোটা ভারতীয় দল। অবশ্য একটু থামতে হলো তাদের। ক্যাচ ঠিকভাবে নেওয়া হয়েছে কি না, পরীক্ষা করে দেখলেন টিভি আম্পায়ার। স্টেডিয়ামের বড় পর্দায় ‘আউট’ লেখা ভেসে উঠতেই আবার উদযাপনে মেতে উঠলেন বৈভাব সুরিয়াভানশি, আয়ুশ মাত্রেরা।

রান উৎসবের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে যুব বিশ্বকাপের ষোড়শ আসরের চ্যাম্পিয়ন হলো ভারত।

আগে থেকেই বয়সভিত্তিক এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত। এবার তারা জিতল ষষ্ঠ শিরোপা। চারটির বেশি নেই আর কারো।

১৯৯৮ সালে একমাত্র শিরোপা জেতা ইংল্যান্ডের আরেকটির অপেক্ষা আরও বাড়ল। ২০২২ আসরের ফাইনালেও ভারতের বিপক্ষে হেরেছিল তারা।

ট্রফিতে চুমু আঁকছেন ভারতের জয়ের নায়ক সুরিয়াভানশি। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

ট্রফিতে চুমু আঁকছেন ভারতের জয়ের নায়ক সুরিয়াভানশি

হারারেতে শুক্রবার ভারতের জয়ের ভিতটা গড়ে দেন সুরিয়াভানশি। অনেক রেকর্ড গড়ে ১৫ চার ও ১৫ ছক্কায় ৮০ বলে ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ১৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার। সাত চার ও দুই ছক্কায় ৫১ বলে ৫৩ রান করেন অধিনায়ক আয়ুশ।

৫০ ওভারে ভারত তোলে ৯ উইকেটে ৪১১ রান। যুব বিশ্বকাপের ফাইনালে তিনশ রানের সংগ্রহও ছিল না আগে।

জবাবে বেন ডকিন্সের ফিফটি ও ফ্যালকনারের ঝড়ো সেঞ্চুরিতে ৪০.২ ওভারে ৩১১ রানে অলআউট হয় ইংল্যান্ড।

পাঁচ নম্বরে নেমে ফ্যালকনার সেঞ্চুরি করেন ৬৩ বলে। সাত ছক্কা ও নয় চারে ৬৭ বলে ১১৫ রান করেন তিনি। ৫৬ বলে ৬৬ রান করেন ওপেনার ডকিন্স। 

ইংল্যান্ডের আরেকটি উইকেট পতন, ভারতের উদযাপন। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

ইংল্যান্ডের আরেকটি উইকেট পতন, ভারতের উদযাপন

দুই দল মিলিয়ে ৭২২ রান কোনো যুব ওয়ানডে ম্যাচে রেকর্ড। ২০১১ সালে চার দলের সিরিজে ভিসাখাপাত্নামে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৭১৪ রান ছিল আগের সর্বোচ্চ।

ফাইনালের সেরা অনুমিতভাবে সুরিয়াভানশি। তার ১৭৫ রানের ইনিংসটি বয়সভিত্তিক কিংবা সিনিয়র, পুরুষ কিংবা নারী, যেকোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০২২ উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অ্যালিসা হিলির ১৭০ ছিল আগের রেকর্ড।

যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা, বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রানসহ আরও বেশ কিছু রেকর্ডে নাম লেখান ভারতের বিস্ময়-বালক।

সাত ইনিংসে ৬২.৭১ গড় ও ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৯ রান করে ‘প্লেয়ার অব দা টুর্নামেন্ট’ও হয়েছেন সুরিয়াভানশি।