মায়ের অসুস্থতায় মাঝপথে টেস্ট ছেড়ে গেলেন অশ্বিন
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে এখন একজন বোলার কম নিয়েই লড়তে হবে ভারতকে।
অভিনন্দন আর প্রশংসার জোয়ারে ভাসছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনগুলির একটি ছিল এটি। কিন্তু সেই আনন্দময় দিনের শেষে রাতটা হয়ে উঠল বিষাদময়। মায়ের অসুস্থতার খবর জেনে দ্রুতই রাজকোটের টিম হোটেল থেকে চেন্নাইয়ে রওনা হলেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে চলতি রাজকোট টেস্টের শেষ তিন দিনে তাই আর দেখা যাবে না এই স্পিনারকে।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতীয় সময় রাত ১১টার দিকে ভারতীয় বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি পারিবারিক প্রয়োজনে দল ছেড়ে যেতে হয়েছে অশ্বিনকে। পরে ভারতীয় সংবাদমাধ্যমে তার মায়ের অসুস্থতার খবর আসে। বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লাও সামাজিক মাধ্যমে জানান, মায়ের অসুস্থতার কারণে চেন্নাইয়ে যেতে হচ্ছে অশ্বিনকে।
টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে ৩৭ রান করার পর বল হাতে ইংল্যান্ডের প্রথম উইকেট শিকার করেন অশ্বিন। তার টেস্ট ক্যারিয়ারের যেটি ৫০০তম উইকেট। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মুত্তাইয়া মুরালিধারানের পর সবচেয়ে কম টেস্ট খেলে এই কীর্তি গড়েন তিনি। এই টেস্টে আর উইকেট সংখ্যা বাড়ছে না তার।
অশ্বিনের জায়গায় বদলি কাউকে নেওয়ার সুযোগ নেই। ম্যাচ চলার সময় কেবল কনকাশন বা কোভিডে আক্রান্ত হলেই বদলি নেওয়া যায়। ভারতকে তাই একজন বোলার কম নিয়েই খেলতে হবে। ভারতের স্পিন আক্রমণে আছেন এখন রবীন্দ্র জাদেজা ও কুলদিপ ইয়াদাভ।
রাঁচিতে সিরিজের পরের টেস্ট শুরু আগামী শুক্রবার।
