তবু ‘জেতার জন্যই’ খেলবে বাংলাদেশ
এখনও পর্যন্ত ম্যাচে পিছিয়ে থাকলেও বাংলাদেশের দৃষ্টি জয়েই, বলছেন তাইজুল ইসলাম।
দুই দিন শেষে ম্যাচের যা অবস্থা, এখনই তাতে জয়ের ছবি আঁকা কঠিন। বাংলাদেশের ব্যাটিংয়ের যা বাস্তবতা, তাতে জয় তো অনেকটাই দূরাশা। দল তবু আশায় বসতি গড়ছে বলেই জানালেন তাইজুল ইসলাম। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার বললেন, মিরপুর টেস্টে তারা তাকিয়ে জয়ের দিকেই।
দ্বিতীয় দিন শেষে ভারত এগিয়ে ৮০ রানে। শেষ বিকেলের ৬ ওভারের চ্যালেঞ্জে উতরে সবকটি উইকেট এ দিন অক্ষত রাখতে পেরেছে বাংলাদেশ।
এমনিতে ম্যাচে বলা যায় অনেকটাই ভারসাম্য অবস্থা। তবে উইকেটের যা অবস্থা, তাতে এই ৮০ রানের ব্যবধানও আসলে অনেক। আর বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা, তাতে বড় লক্ষ্য দেওয়ার বাস্তব সম্ভাবনা সামান্যই।
তাইজুল যদিও এখনও সম্ভাবনা যথেষ্টই দেখছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি শোনালেন আশার গান।
“আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করব, আমরা জেতার জন্যই খেলব।”
ম্যাচে এখনও পর্যন্ত বাংলাদেশের সেরা পারফর্মারদের একজন তাইজুল। তিনি ও সাকিব আল হাসান চারটি করে উইকেট নিয়ে ভারতকে আটকে রেখেছেন ৩১৪ রানে। বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুলদের নিয়ে গড়া ব্যাটিং লাইন-আপকে এই রানে থামিয়ে রাখতে পারা মানে যথেষ্টই বড় প্রাপ্তি। তবে এই রানও আরও কম হতে পারত, যদি বাংলাদেশ সুযোগ হাতছাড়া না করত এবং দ্বিতীয় সেশনে আরেকটু আঁটসাঁট বোলিং করতে পারত।
৯২ রানে ভারত ৪ উকেট হারানোর পর ১৮২ বলে ১৫৯ রানের জুটি গড়েন রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। ১১ ও ৫৯ রানে জীবন পেয়ে পান্ত করেন ১০৪ বলে ৯৩ রান। ১৫ ও ২১ রানে বেঁচে গিয়ে শ্রেয়াস খেলেন ১০৫ বলে ৮৭ রানের ইনিংস।
দ্বিতীয় সেশনের শুরুতে বিরাট কোহলি আউট হওয়ার পর পাল্টা আক্রমণ করেন এই দুজন। সেশনে ২৫ ওভারে রান আসে ১৪০!
দিনশেষে ওই সেশনের জন্য আক্ষেপ করলেন তাইজুলও।
“সব মিলিয়ে বলতে গেলে মাঝের সেশনটা আসলে একটু আমাদের ব্যয়বহুল হয়ে গেছে। আমরা যদি ওই সময়টা আরও একটু কম রান দিয়ে রাখতে পারতাম, উইকেট যদি নাও আসত, একটু কম রান দিলে আরও ভালো অবস্থায় থাকতে পারতাম আমরা।”
