বিপর্যয়ের শঙ্কা উড়িয়ে বাবরের চমৎকার সেঞ্চুরি
একটুর জন্য শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে দিনের শেষ বেলায় ফিরলেন সরফরাজ আহমেদ।
ম্যাচের বয়স হয়নি ৭ ওভার, এর মধ্যেই আউট দুই ব্যাটসম্যান। দলের রান পঞ্চাশের আগে আরেকজনকে হারিয়ে বিপদে পাকিস্তান। খাদের কিনার থেকে দলকে টেনে তুললেন বাবর আজম। উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। অধিনায়ককে সঙ্গ দেওয়া সরফরাজ আহমেদ শতকের সম্ভাবনা জাগিয়ে শেষবেলায় ফিরলেন আক্ষেপ নিয়ে।
শুরুতে চাপে পড়লেও নিউ জিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টের প্রথম দিন স্বস্তিতেই শেষ করেছে পাকিস্তান। ৫ উইকেটে ৩১৭ রান করেছে স্বাগতিকরা।
৪৮ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে কক্ষপথে ফেরানো বাবর ১৬১ রান করে অপরাজিত আছেন। ১২ রানে জীবন পেয়ে ২৭৭ বলের ইনিংসটি সাজান তিনি ১ ছক্কা ও ১৫ রানে।
এই ইনিংসের সুবাদে দুটি রেকর্ডে নাম লেখান বাবর। সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানে টপকে যান তিনি মোহাম্মদ ইউসুফকে। আর সব দল মিলিয়ে এক বছরে সর্বোচ্চ ২৫টি পঞ্চাশোর্ধ ইনিংসে কুমার সাঙ্গাকারার পাশে বসেন বাবর।
পঞ্চম উইকেটে বাবরের সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন ২০১৯ সালের পর প্রথম টেস্ট খেলতে নামা সরফরাজ। এই সংস্করণে নিজের ৫০তম ম্যাচে ৯ চারে তিনি করেন ৮৬ রান।
২০০২ সালের পর পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে নেমে অনন্য এক কীর্তি গড়ে নিউ জিল্যান্ড। প্রতিপক্ষের প্রথম দুই উইকেটই নেয় তারা স্টাম্পিংয়ে। ছেলেদের টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে এমন ঘটনা দেখা যায়নি আগে কখনও।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে চতুর্থ ওভারে এজাজ প্যাটেলকে আক্রমণে আনেন কিউই অধিনায়ক টিম সাউদি। নিজের তৃতীয় বলেই দলকে সাফল্য এনে দেন বাঁহাতি এই স্পিনার। তাকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হন আবদুল্লাহ শফিক।
সতীর্থের দেখানো পথেই যেন হাঁটেন শান মাসুদ। দুই ওভার পর মাইকেল ব্রেসওয়েলের বলে একইভাবে স্টাম্পড হন তিনিও।
পঞ্চদশ ওভারে এই অফ স্পিনারের বলে স্লিপে বাবরের ক্যাচ ছাড়েন ড্যারিল মিচেল। ওই ওভারের শেষ বলে অবশ্য সাফল্য পান ব্রেসওয়েল। মিডঅফে ধরা পড়েন ইমাম-উল-হক।
প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি বাবর। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন বড় রানের দিকে। সাউদ শাকিলকে নিয়ে গড়েন ৬২ রানের জুটি। লাঞ্চ বিরতির এক ওভার আগে শাকিলকে (২ চারে ২২) ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন সাউদি।
এরপর সরফরাজকে নিয়ে বাবরের মোড় ঘুরিয়ে দেওয়া জুটি। তাদের চোয়ালবদ্ধ দৃঢ়তায় দ্বিতীয় সেশনে নিউ জিল্যান্ড কোনো সাফল্যের মুখ দেখেনি।
মাঝে সাউদির বলে অবশ্য সরফরাজকে একবার আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে কট বিহাইন্ড থেকে বাঁচেন ২৬ রানে থাকা ব্যাটসম্যান।
দুই ওভার পর ব্রেসওয়েলকে মিডউইকেট দিয়ে বিশাল এক ছক্কায় উড়িয়ে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরিতে পা রাখেন বাবর, ১৬১ বলে।
চা বিরতির পর ৮৪ বলে ফিফটি স্পর্শ করেন সরফরাজ। ২৫৪ বলে দেড়শ করেন বাবর, টেস্টে যা তার দ্বিতীয়।
একটা সময় মনে হচ্ছিল অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করবেন বাবর ও সরফরাজ। কিন্তু ৮৬তম ওভারে সরফরাজকে ফিরিয়ে দেন এজাজ। বাকিটা সময় আঘা সালমানকে নিয়ে কাটিয়ে দেন বাবর।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৯০ ওভারে ৩১৭/৫ (শফিক ৭, ইমাম ২৪, মাসুদ ৩, বাবর ১৬১*, শাকিল ২২, সরফরাজ ৮৬, সালমান ৩*; সাউদি ১৯-৩-৫১-১, ওয়্যাগনার ১৬-২-৩৭-০, এজাজ ২৭-৩-৯১-২, ব্রেসওয়েল ১৫-৩-৬১-২, সোধি ১০-০-৪৯-০, মিচেল ৩-০-১৯-০)
