শেষ টেস্টের আগে আবেগাপ্লুত ওয়ার্নার
শেষবারের মতো সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করতে নামার আগে আবেগ জেঁকে ধরেছে অস্ট্রেলিয়ার তারকা ওপেনারকে।
এক যুগের টেস্ট ক্যারিয়ারে একশর বেশি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত অনেক সাফল্য-ব্যর্থতার পাশাপাশি দলের অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অস্ট্রেলিয়ান তারকা পৌঁছে গেছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। অপেক্ষা করছেন শেষবারের মতো সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করার। বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে তাকে আবেগ জেঁকে ধরেছে।
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে এই সংস্করণকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ওয়ার্নার। আগামী বুধবার শুরু হবে সফরকারীদের বিপক্ষে অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্টটি। প্রথম দুই ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে স্বাগতিকরা।
চলমান সিরিজটি অবশ্য খেলার কথা ভাবনায়ও ছিল না ওয়ার্নারের। গত জুনে ইংল্যান্ড সফরেই টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তা করেছিলেন তিনি। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট দিয়ে যেতে চেয়েছিলেন অবসরে। কারণ ছিল, পড়তি ফর্ম। কিন্তু ইংলিশদের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসে ৬৬ রান করার পর ভাবনায় বদল আসে ওয়ার্নারের। সেই সিরিজের শেষ ম্যাচেও ফিফটি স্পর্শ করেন তিনি। সিরিজটি ২-২ সমতায় শেষ করে অ্যাশেজ ধরে রাখে অস্ট্রেলিয়া।
অ্যাশেজের লর্ডস টেস্টকে শেষ হিসেবে ধরে নেওয়ার সময় তেমন একটা ‘আবেগ কাজ করেনি’ ওয়ার্নারের। কিন্তু ঘরের মাঠ সিডনিতে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার আগে কাঁপছে ৩৭ বছর বয়সী ক্রিকেটারের হৃদয়। কেন এতটা আবেগাপ্লুত হয়ে পড়েছেন, সোমবার তা খোলাসা করার চেষ্টা করলেন এখন পর্যন্ত ১১১ টেস্ট খেলা ওয়ার্নার।
“লর্ডস টেস্টকে যখন আমি সম্ভাব্য শেষ হিসেবে দেখছিলাম, আমার মধ্যে খুব বেশি আবেগ কাজ করছিল না, কারণ আমি সন্তুষ্ট ছিলাম। তখন হয়তো রান করছিলাম না, কিন্তু টেস্ট খেলার প্রবল ইচ্ছা ছিল। ক্রিকেট খেলাটাকে আমি ভালোবাসি, কোন সংস্করণে খেলছি সেটা কোনো ব্যাপার না। তবে এটা নিশ্চিত, পার্থ টেস্টের পর থেকে আবেগপ্রবণ হয়ে পড়েছি, যেহেতু আমি অস্ট্রেলিয়ায় ফিরে এসেছি এবং জানি যে (শেষ টেস্ট সিরিজ) খেলছি।”
“পার্থে আমার ওই ১৬০ রানের ইনিংসের (আসলে ১৬৪) সৌজন্যে দল ভালো অবস্থানে ছিল। সেই সময় অনেকে রাস্তায় নেমে এসেছিল আর বলছিল, ‘ভালো খেলেছো, আমরা তোমাকে সমর্থন করি, তোমার সাথে আছি’, তখন মনে হয়েছিল (অবসরে যাওয়া) কষ্টকর। আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আবেগটা বোধহয় তখন থেকে শুরু হয়েছিল।”
শুধু টেস্ট থেকেই নয়, ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিয়েছেন ওয়ার্নার। সাদা বলের এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা সোমবারই দিয়েছেন তিনি। তবে দলের প্রয়োজন হলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বলেও জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
