১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেহজাদ ও মিরাজকে ছাপিয়ে নেতৃত্বের রেকর্ডের সামনে সুরিয়াভানশি

১৪ বছর বয়সেই যুব ওয়ানডেতে নেতৃত্ব দেবেন বৈভাব সুরিয়াভানশি, যে রেকর্ডে তিনি ছাড়িয়ে যাবেন পাকিস্তানের আহমেদ শেহজাদ ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 05:12 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ব্যাটিংয়ে একগাদা রেকর্ড তো গড়েই ফেলেছেন বৈভাব সুরিয়াভানশি। এবার নেতৃত্বের রেকর্ডের হাতছানি তার সামনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে যখন তিনি টস করতে নামবেন, তার নাম তখন খোদাই হয়ে যাবে ইতিহাসে। প্রথম ক্রিকেটার হিসেবে ১৪ বছর বয়সে যুব দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন ভারতের বিস্ময়-বালক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে সুরিয়াভানশিকে। তিন ম্যাচের সিরিজটি শুরু আগামী শনিবার।

প্রথম ম্যাচের দিন সুরিয়াভানশির বয়স থাকবে ১৪ বছর ২৮২ দিন। যুব ওয়ানডে ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হবেন তিনিই। 

রেকর্ডটি এখনও পর্যন্ত আহমেদ শেহজাদের। ২০০৭ সালে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে পাকিস্তানের যুব দলকে নেতৃত্ব দেওয়ার সময় তার বয়স ছিল ১৫ বছর ১৪১ দিন। 

রেকর্ডে পরের নামটি মেহেদী হাসান মিরাজের। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যুব দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ১৫ বছর ২৮৪ দিন বয়সে। 

ভারতীয় যুব দলের মূল অধিনায়ক আয়ুশ মাত্রে ও সহ-অধিনায়ক ভিহান মালহোত্রার অনুপস্থিতির কারণেই মূলত নেতৃত্ব পেয়েছেন সুরিয়াভানশি। দুজনই কবজির চোটের কারণে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটিতে। তবে বিশ্বকাপে অধিনায়ক ও সহ-অধিনায়ক থাকবেন তারাই। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের পাশাপাশি বিশ্বকাপের দলও ঘোষণা করেছে ভারত।

জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু আগামী ১৫ জানুয়ারি। ১৬ দলের আসরে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

চার গ্রুপে রাখা হয়েছে চারটি করে দল। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল যাবে পরের ধাপে। সেখানে দুই গ্রুপের প্রতিটিতে থাকবে ছয়টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমি-ফাইনালে।

পাঁচবার ট্রফি জিতে যুব বিশ্বকাপের সফলতম দল ভারত। 

এবারও তারা থাকবে ফেভারিটদের কাতারে। সেখানে তাদের সবচেয়ে বড় ভরসা সুরিয়াভানশি। ১৫টি যুব ওয়ানডে খেলে ৭৬৭ রান করেছেন তিনি ৫১.১৩ গড় ও ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি করেছেন দুটি, ইংল্যান্ডের বিপক্ষে ৭৮ বলে ১৪৩ ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১। 

ইংলিশদের বিপক্ষে ইনিংসটিতে শতরানে পা রেখেছিলেন ৫২ বলে, যুব ওয়ানডে ইতিহাসে যা দ্রুততম। আমিরাতের বিপক্ষে ইনিংসটিতে তিন অঙ্ক স্পর্শ করেন ৫৬ বলে। সেদিন ছক্কা মারেন ১৪টি, যা যুব ওয়ানডের রেকর্ড। 

রেকর্ড অনেকগুলো গড়েছেন তিনি সিনিয়র ক্রিকেটেও। গত আইপিএলে সেঞ্চুরি করেছেন। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে তিনিই সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। গত বুধবার ভারতের ভিজায় হাজারে ট্রফিতে খেলেছেন ৮৪ বলে ১৯০ রানের ইনিংস। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। সেদিন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি ৫৯ বলে দেড়শ ছুঁয়েও। 

এর দুদিন পর তিনি পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মাননা প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার।