২০২৪ আইপিএলে খেলবেন না স্টোকস
‘ওয়ার্কলোড’ ও ‘ফিটনেস’ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।
আইপিএলের আগামী আসরে দেখা যাবে না বেন স্টোকসকে। ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ অলরাউন্ডার।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেছে, স্টোকসের সিদ্ধান্তকে ‘সমর্থন করে’ তারা। তবে তারা ৩২ বছর বয়সী ক্রিকেটারকে ছেড়ে দেবে কি-না, সে বিষয়ে কিছু জানায়নি।
২০২৪ আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজিদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা জমা দেওয়ার শেষ দিন আগামী রোববার। চেন্নাই যদি স্টোকসকে ছেড়ে না দেয়, তাহলে ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে তাকে ধরে রাখার পথ খোলা থাকবে। আর যদি রোববারের মধ্যে ছেড়ে দেয়, তাহলে তাকে যে ১৬ কোটি ২৫ লাখ রুপি দিয়ে কিনেছিল, তা কাজে লাগাতে পারবে আগামী মাসের নিলামে।
গত আইপিএলের আগে নিলামে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে স্টোকসকে কিনেছিল চেন্নাই। তবে হাঁটুর চোটের কারণে পুরো আসরে তিনি ম্যাচ খেলতে পারেন মাত্র দুটি, ১৫ রান করার পাশাপাশি বোলিং করেন স্রেফ এক ওভার।
সবশেষ বিশ্বকাপে খেলেছেন স্টোকস। বিশ্বকাপ সামনে রেখেই ওয়ানডে অবসর ভেঙে ফেরেন তিনি। বাজে পারফরম্যান্সে ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন স্টোকস। নিতম্বের চোটে দলের প্রথম ৩ ম্যাচে তিনি খেলতে পারেননি। পরের ৬ ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলে একটি শতকসহ করেন ৩০৪ রান, টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর স্টোকস জানান, হাঁটুতে অস্ত্রোপচার করাবেন তিনি। অস্ত্রোপচারের পর তিনি ও ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) মিলে তার ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকসের আশা, আগামী ২৫ জানুয়ারি থেকে ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজের আগে তিনি ফিট হয়ে উঠবেন।
