২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের টানে নওগাঁ থেকে ঢাকায়, সবার আগে মাঠে

মিরপুরে বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিনে টসের আগে মাঠে চলে আসা বাবা-মেয়ের গল্প।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 01:56 PM

Updated : 22 Dec 2022, 06:35 PM

পৌষের সকাল তখন সবে আড়মোড়া ভাঙতে শুরু করেছে। চারপাশ একটু গুমোট, কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। তবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট শুরুর তোড়জোর শুরু হয়ে গেছে। মাঠ কর্মীদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। টিভি ক্যামেরা ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার প্রস্তুত। টস করতে দুই পাশের ড্রেসিং রুম থেকে বের হলেন লোকেশ রাহুল ও সাকিব আল হাসান। পূর্ব গ্যালারি থেকে সেদিকে তাকিয়ে একজন বলে উঠল, “বাবা, ওই যে সাকিব…!”

মিরপুর টেস্টের প্রথম সকালে এই বাবা ও মেয়ে মাঠে ঢোকেন সকাল পৌনে ৯টার দিকে। কিছু নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবী ছাড়া শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি তখন পুরো ফাঁকা। গোটা নর্দান ও সাউদার্ন গ্যালারি, শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড মিলিয়ে আর কোনো দর্শক তখনও নেই।

গ্র্যান্ড স্ট্যান্ডে অবশ্য বেশ আগে থেকেই সমানে বাংলাদেশের পতাকা উড়িয়ে চলেছেন শোয়েব আলি, যিনি বেশি পরিচিত ‘টাইগার শোয়েব’ নামে। গ্র্যান্ড স্ট্যান্ডের আরেক প্রান্তে, ভারতের ড্রেসিং রুমের পাশে ভারতের দুই ‘আইকনিক’ সমর্থকও আছেন। তাদের সঙ্গী আরও কয়েকজন। তারাও দর্শক, তবে তাদের জন্য খেলা দেখতে আসা এখন অনেকটাই রুটিন ব্যাপার। ‘আইকনিক’ সমর্থক হিসেবে মাঠে থাকা দায়িত্বের অংশও হয়ে গেছে বলা যায়। নিখাদ দর্শক হিসেবে বলা যায়, এ দিন গ্যালারিতে এই বাবা-মেয়েই প্রথম দুজন।

বাবা-মেয়ে সাতসকালে খেলা দেখতে এসেছে, সেটিও টেস্ট ক্রিকেট, এই সাতসকালে টসের আগে, কৌতূহলের সবটুকু উপাদান মজুদ।

“এত সকালে টেস্ট ক্রিকেট দেখতে চলে এসেছেন?”, কাছে গিয়ে জিজ্ঞেস করতেই তাকিয়ে হাসলেন ভদ্রলোক, “এসেছি তো ভাই আরও সকালে! সকাল সাড়ে ৬টায় বের হয়েছি উত্তরখান থেকে, ৮টার মধ্যে চলে এসেছি। মাঠের গেট বন্ধ ছিল বলে বাইরে অপেক্ষা করছিলাম। গেট খুলল একটু আগে…।”

ভদ্রলোকের নাম সিদ্দিকুর রহমান, চাকরি করেন একটি ওষুধ প্রস্ততকারী কোম্পানিতে। সঙ্গে তার স্কুল পড়ুয়া মেয়ে সাদিকা রহমান বুশরা। আগে থেকে টিকেট করা ছিল না তাদের। মাঠে এসে খেলা দেখার অভিজ্ঞতা নেই আগে কখনও। টিকেট পাওয়া, মাঠে ঢোকা নিয়ে অনিশ্চয়তা আর মেয়ের চাপাচাপিতে আগেভাগেই রওনা দিয়ে দেন।

তাদের টিকেট নর্দান গ্যালারির হলেও একটু ইতিউতি ঘুরে তারা হাঁটতে হাঁটতে এগিয়ে যান পূর্ব গ্যালারির দিকে। কাছেই ভারতীয় দলের ফিল্ডিং অনুশীলন চলছে। ওই জায়গাটা থেকে টস করতে আসা সাকিবকেও একটু ভালো করে দেখা যায়!

তাদের এই মাঠে আসা, উত্তরবঙ্গ থেকে বুশরার ঢাকায় আসা কেবল খেলা দেখার জন্যই। আরও নির্দিষ্ট করে বললে, সাকিবকে দেখা! মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসিতে সেই গল্প শোনালেন সিদ্দিকুর রহমান।

“আমার মেয়েটা ক্রিকেটের পাগল। সাকিবের বিরাট ভক্ত। ওর ঘরে, সারা বাড়িতে, খাতা-বইয়ে সাকিবের ছবি আর পেপার কাটিং দিয়ে ভরিয়ে ফেলেছে। নওগাঁ থেকে এবার ঢাকায় এসেছে শুধু খেলা দেখার জন্যই। অনেক দিন ধরেই ওর শখ মাঠে এসে বাংলাদেশের খেলা দেখবে। সাকিবকে কাছ থেকে দেখবে। ওর ক্লাস সেভেনের পরীক্ষা শেষ হলো মাত্র। ওয়ানডের সময় পরীক্ষা ছিল। এজন্যই টেস্টেই নিয়ে এলাম…।”

বাবার মুখ থেকে কথা কেড়ে নিয়ে পাশ থেকে মেয়ে ত্বরিত যোগ করল, “আমি টেস্টই দেখতে চেয়েছিলাম বেশি করে… টেস্টে তো সাকিব ভাই ক্যাপ্টেন!”

সাকিবকে এতটা পছন্দ করায় এমনিতে বিস্ময়ের কিছু নেই। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার তিনি, কোটি মানুষের প্রিয় তারকা, লাখো কিশোর-তরুণের স্বপ্নের তারকা। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য অনেক দূর থেকে ছুটে আসা শুধু কেন, আরও অনেক পাগলামোর নজিরও আছে এই দেশে। তারপরও, ‘সাকিব ভাই’ শব্দ যুগল বুশরার কণ্ঠে এমন দ্যোতনা ছড়াল যে, প্রশ্নটা করতেই হলো, “সাকিবকে কেন এত ভালো লাগে?”

বুশরার ঝটপট উত্তর, “সাকিব ভাইকে এত ভালো লাগে তার ব্যক্তিত্বের কারণে।”

চমকে তাকাতে হলো আবার। ‘খেলা ভালো লাগে’, ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ কিংবা এরকম কোনো উত্তরই প্রত্যাশিত ছিল। কিন্তু ক্লাস সেভেন থেকে এইটে উঠতে যাওয়া এক কিশোরীর কাছে ভালো লাগে সাকিবের ব্যক্তিত্ব!

আরেকটি প্রশ্নও তাই অবধারিতভাবেই চলে এলো, “সাকিবের ব্যক্তিত্বের কোন দিকটা বেশি ভালো লাগে?”

এবার বুশরার উত্তরে আরেক দফা চমকে ওঠার পালা, “সাকিব ভাই অনেক প্রতিবাদী না? এটাই ভালো লাগে। আমি অনেক ছোট থেকে ক্রিকেট খেলা দেখি। সাকিব ভাইকে ভালো লাগে ২০১৯ বিশ্বকাপ থেকে। কিন্তু পরে তার এত এত প্রতিবাদ দেখে আরও বেশি ভালো লেগে গেছে।”

পাশ থেকে প্রশ্রয়ের হাসিতে বাবা বলেন, “মেয়েটা আমার বড় হয়ে গেল…।”

মেয়ের চোখ তখন মাঠে, “বাবা, ওই যে তাসকিন ভাই… আরেকটা কে? ওহ, মিরাজ ভাই…।”

সাকিব তখন টস করে চলে গেছেন। এক পাশের সেন্টার উইকেটে বোলিং কোচের সঙ্গে অনুশলিন করছিলেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। স্বপ্নরাজ্যের চারপাশ দেখার মুগ্ধতা নিয়ে সেদিকে তাকিয়ে বুশরা।

বাবার চিন্তা জুড়ে তখন কেবলই মেয়ের স্বপ্ন পূরণের ভাবনা, “সাকিবের অটোগ্রাফ পাওয়ার কোনো উপায় কি আছে? মেয়েটার খুব শখ…।”

তাকে হতাশার কথাই শোনাতে হলো। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলিতে ম্যাচ শেষে বা দিনের খেলা শেষে ক্রিকেটাররা গ্যালারির কাছে গিয়ে দর্শকের অটোগ্রাফ, ছবির আব্দার মেটান নিয়মিতই। বাংলাদেশের বাস্তবতায় তো এসব অলীক ভাবনা।

খেলা শুরু হতে তখন আর কয়েক মিনিট মোটে বাকি। বাবা বললেন, “চল মা, আমরা জায়গা নিয়ে বসি কোথাও।”

বিদায় নিয়ে হাঁটা দিয়ে আবার একটু থমকে দাঁড়াল বুশরা, “আচ্ছা, নওগাঁয় কি কখনও খেলা হবে?”  প্রশ্নটা করে নিজে থেকেই যেন বুঝতে পারল, অসম্ভব এক আশা এটি। পরমুহূর্তেই বলে উঠল, “বাংলাদেশের খেলা না হোক, বিপিএলের খেলা রাজশাহীতে দিলেও তো পারে! সবসময় তো আমরা ঢাকায় আসতে পারব না…”

মাঠ সমস্যা, ভালো মানের হোটেল, লজিস্টিক্যাল ব্যাপার, এসব ভারী ভারী কথা বলে কিশোর ক্রিকেটপ্রেমীর মন ভার করিয়ে দিতে আর ইচ্ছে হলো না। মাথা ঝাঁকিয়ে আশার কথাই শোনাতে হলো অস্ফুটে, “হ্যাঁ, তা পারে, হবে নিশ্চয়ই সামনে…!”