১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানো: আইসিসির সমালোচনায় আফ্রিদি-গিলেস্পি

ভারতের দাবির মুখে চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে ভেন‍্যু পরিবর্তনকে উদাহরণ হিসেবে সামনে এনেছেন এই সাবেক ক্রিকেটার।

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানো: আইসিসির সমালোচনায় আফ্রিদি-গিলেস্পি
শাহিদ আফ্রিদি ও জেসন গিলেস্পি (ডানে)। ফাইল ছবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন দুই সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও জেসন গিলেস্পি। ২০২৫ চ‍্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ সামনে এনে ভারত ও বাংলাদেশের সঙ্গে আইসিসির আচরণের তুলনা টেনেছেন তারা।

নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম‍্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। এতে সাড়া দেয়নি আইসিসি। তবে গত বছর একই কারণে চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। বিসিসিআইয়ের দাবি মেনে ভারতের ম‍্যাচগুলো আয়োজন করা হয় দুবাইয়ে। 

নিজ দেশে ফাইনাল আয়োজন করতে পারেনি পাকিস্তান। ভারত ফাইনালে যাওয়ায় শিরোপা নির্ধারণী ম‍্যাচ হয় দুবাইয়ে। একই ধরনের ঘটনায় দুই দলের সঙ্গে দুই রকম আচরণ করায় সামাজিক মাধ‍্যম এক্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে কাঠগড়ায় তোলেন দুই সাবেক ক্রিকেটার।

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি মনে করেন, সব দেশের জন‍্য নিয়ম একইভাবে প্রয়োগ করা উচিত আইসিসির এবং তাদের উচিত বন্ধন গড়ে তোলা, সেটা নষ্ট করা নয়। 

“বাংলাদেশে ও আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমি আইসিসির অসঙ্গতিতে ভীষণ হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তান সফরে না যেতে ভারতের নিরাপত্তা শঙ্কাকে গ্রহণ করেছিল, এবার মনে হয়েছে তারা সেই একই বোঝাপড়া বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করেনি।”

“ধারাবাহিকতা ও ন‍্যায‍্যতা হলো বিশ্ব ক্রিকেট পরিচালনার ভিত্তি। বাংলাদেশের খেলোয়াড় এবং তাদের লাখো ভক্তের সম্মান প্রা‍প‍্য- কোনো দ্বিমুখী আচরণ নয়।”

পাকিস্তানের সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার গিলেস্পি বললেন, বাংলাদেশের সঙ্গে দ্বিমুখী আচরণ করেছে আইসিসি।

“কেন বাংলাদেশ তাদের ম‍্যাচ ভারতের বাইরে খেলতে পারবে না, এর কোনো ব‍্যাখ‍্যা আইসিসি কি দিয়েছে? স্মৃতি থেকে বলতে পারি, পাকিস্তানে চ‍্যাম্পিয়ন্স ট্রফির ম‍্যাচ খেলতে চায়নি ভারত এবং ওই ম‍্যাচগুলো তারা (আয়োজক) দেশের বাইরে খেলে। কেউ কি এর যৌক্তিক ব‍্যাখ‍্যা দিতে পারবেন।”

পরে অবশ‍্য এই পোস্ট ডিলিট করে দেন গিলেস্পি।

'বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান'

পাকিস্তানের সামনে নিষেধাজ্ঞাসহ অনেক শাস্তির শঙ্কা, খবর ইন্ডিয়ান

'খেলাধুলা থেকে রাজনীতি আলাদা করা যায় না' বাংলাদেশ ইস্যুতে জন্টি