২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের সামনে নিষেধাজ্ঞাসহ অনেক শাস্তির শঙ্কা, খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

কোনো দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পারবে না, এশিয়া কাপে অংশ নিতে পারবে না এবং পিএসএলে কোনো বিদেশি খেলোয়াড় পাবে না তারা।

পাকিস্তানের সামনে নিষেধাজ্ঞাসহ অনেক শাস্তির শঙ্কা, খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
পাকিস্তানের ক্রিকেটারদের উল্লাস। ফাইল ছবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলে কঠিন শাস্তি পাবে পাকিস্তান। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, নিষেধাজ্ঞাসহ অনেক কিছুরই মুখোমুখি হতে হবে তাদের। 

বাংলাদেশকে সমর্থন জানিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব‍্য আইসিসি ভালোভাবে নেয়নি বলে জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। একটি সূত্র তাদের বলেছে, যদি পাকিস্তান একই পথ বেছে নেয় এবং টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বেছে নেয়, তাহলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। স্থগিত হয়ে যাবে সব দ্বি-পাক্ষিক সিরিজ, পিএসএলের জন‍্য কোনো বিদেশি খেলোয়াড় অনাপত্তিপত্র পাবেন না এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হবে।

আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন পিসিবি চেয়ারম‍্যান নাকভি। শনিবার সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন আসন্ন বিশ্বকাপে তাদের খেলা এখনও নিশ্চিত নয়।

“বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আমাদের অবস্থান সেটাই হবে, যেটা পাকিস্তান সরকার আমাকে নির্দেশ দেবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে আসার পর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটি সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের কথা মেনে চলি, আইসিসির কথা নয়।”

“আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আপনার (আইসিসি) দ্বিমুখী নীতি থাকতে পারে না। একটি দেশের (ভারত) জন্য আপনি বলতে পারেন না যে, তারা যা খুশি তাই করতে পারে এবং অন্যদের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। এই কারণেই আমরা এই অবস্থান নিয়েছি এবং স্পষ্ট করে দিয়েছি যে, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। তাদের বিশ্বকাপে খেলা উচিত, তারা ক্রিকেটের বড় অংশীদার।”

পাকিস্তান রোববার বিশ্বকাপের জন‍্য ১৫ সদস‍্যের দল ঘোষণা করেছে। প্রধান কোচ আকিব জাভেদ বলেছেন, এই দল ঘোষণার সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

“আমরা নির্বাচক, আমাদের কাজ হলো দল নির্বাচন করা। আমরা সময়সীমার খুব কাছাকাছি সময়ে দল ঘোষণা করেছি। সরকার আমাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তাই আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। চেয়ারম্যানও তাই বলেছেন, তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।”

'বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান'

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানো: আইসিসির সমালোচনায় আফ্রিদি

'খেলাধুলা থেকে রাজনীতি আলাদা করা যায় না' বাংলাদেশ ইস্যুতে জন্টি