কীর্তিময় ইনিংসে আরও উঁচুতে শান্ত
নেতৃত্বের অভিষেকে দারুণ এক সেঞ্চুরি করে দলের জয়ের স্বপ্নও নিজের ব্যাটে বয়ে চলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
লাক্কাতুরা চা বাগানের কোল ঘেঁষে সূর্য তখন অস্তগামী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাফিয়ে উঠে সেঞ্চুরি উদযাপনে যেন ওই সূর্যের জায়গা নিতে চাইলেন নাজমুল হোসেন শান্ত। সত্যিই তা চাইলেও বাড়াবাড়ি হওয়ার কথা নয়। ইতিহাসগড়া শতক বলে কথা!
১৯৩ বলে ১০ চারে অপরাজিত ১০৪ রান, স্কোরকার্ডে শান্তর নামের পাশে লেখা শুধু এটুকুই। তবে স্রেফ এইটুকুতে শান্তর ইনিংসের মাহাত্ম্য বোঝার কোনো উপায়ই নেই। স্ট্রোকের ছটায় ইনিংস শুরুর পর প্রথাগত টেস্ট ব্যাটিংয়ে দিনের শেষ, মাঝের সময়ে নানা রঙে তিনি সাজান নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
ভুল থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটি বাংলাদেশের ক্রিকেটে সচরাচর চোখে পড়ে না। অধিনায়কত্বের প্রথম টেস্টে সেই বিরল ব্যাপারই খুব দ্রুত করে দেখালেন শান্ত। পরিণত ব্যাটিংয়ে দারুণ এক ইনিংসে নেতৃত্ব দিলেন সামনে থেকে। তার দারুণ ইনিংসে খুলে গেল ব্যক্তিগত অর্জনের নানান দুয়ার।
প্রথম ইনিংসে অতি আগ্রাসী ব্যাটিংয়ের পথে ব্যাখ্যাতীত এক শট খেলে ড্রেসিং রুমে ফেরেন শান্ত। সেই ভুল অনুধাবন করে নিজেকে শোধরাতে তার লাগল স্রেফ এক দিন। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে নেমে সাজানো-গোছানো ব্যাটিং প্রদর্শনী মেলে ধরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
পরপর দুই ওভারে দুই ওপেনারের বিদায়, নিউ জিল্যান্ডকে বড় লক্ষ্য দেওয়ার তাগিদ, প্রথমবার অধিনায়কত্বের চাপ, সঙ্গে প্রথম ইনিংসের ওই পাগলাটে শটের প্রায়শ্চিত্ত করার তাড়না- সব কিছু মাথায় নিয়েই ব্যাটিং শুরু করেন শান্ত।
প্রথম ইনিংসে তার যাত্রা শুরু হয় ছক্কা-চার মেরে। দ্বিতীয় ইনিংসে প্রথম বাউন্ডারি আসে দশম বলে। এরপর ইতিবাচক ব্যাটিংয়ে ৪০ রানে পৌঁছে যান ৪৮ বলে। সেখান থেকে পঞ্চাশে যেতে তিনি খেলেন আরও ৪৭ বল।
শান্তর ফিফটি ছোঁয়ার খানিক পর রান আউট হন মুমিনুল হক, ভাঙে ৯০ রানের জুটি। ওই আউটে মুমিনুলের দায় কিছু ছিল বটে, তবে শুধুই বলের দিকে তাকিয়ে থাকা শান্তর কাঁধেও পড়ে অনেকটা দায়।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওই আউট নিয়ে কোনো আক্ষেপ না থাকার কথা বলেন মুমিনুল। আর তাৎক্ষণিকভাবে যদি কিছু আক্ষেপ থেকেও থাকে, শান্তর পরের দিকের ব্যাটিং দেখে তা ভুলে যাওয়ারই কথা মুমিনুলের।
পঞ্চাশ ছুঁয়ে যেন মনোযোগ আরও বাড়ে শান্তর। তার প্রতিরোধ ভাঙতে নতুন নতুন পথ ধরতে থাকে নিউ জিল্যান্ড। প্রথম ইনিংসের সফল বোলার গ্লেন ফিলিপসের বোলিংয়ের সময়ই যেমন অফ সাইডে শুধু ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট রেখে পুরোটা খালি করে দেন টিম সাউদি।
এমনকি উইকেটরক্ষক টম ব্লান্ডেলও প্রথাগত অফ স্টাম্পের বাইরের বদলে দাঁড়ান লেগ স্টাম্পের বাইরে। পুরো অফ সাইড খালি দেখে এক মুহূর্তের জন্য হয়তো লোভে পড়ে যান বাংলাদেশ অধিনায়ক। লেগ স্টাম্পের বাইরে পিচ করে মিডলের দিকে আসা বলে রিভার্স সুইপের চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি। সঙ্গে সঙ্গে শুধরে নেন নিজেকে।
এরপর ফিলিপস একই ধরনের বেশ কয়েকটি ডেলিভারি করলেও কোনো ঝুঁকি না নিয়ে পরম নির্ভরতায় খেলে যান বাকি সময়।
এই ফাঁদে কাজ না হওয়ায় পরিকল্পনা বদলান সাউদি। এবার তার ঘণ্টায় ১৩৫-১৩৬ কিমি ডেলিভারির বিপরীতে ব্লান্ডেলকে দাঁড় করান উইকেটের ওপর ব্যাটসম্যানের নাকের ডগায়। সেখানে নিশ্চিতভাবেই চলতে থাকে টুকটাক স্লেজিং। এরই ফাঁকে দারুণভাবে ভেতরে ঢোকা এক ডেলিভারিতে শান্তকে পরাস্ত করেন সাউদি। ওই একটি বল ছাড়া কিউই অধিনায়কের বাকি সবকটি ডেলিভারিতেই নিখুঁত ব্যাটিং করে যান শান্ত।
দুটি ঘটনাই শান্তর ৮৫ পেরোনোর পর। ওই সময় যে কোনো ছোট কিছুও মনোযোগে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। তবে এদিন সেটি হতে দেননি শান্ত। অপর প্রান্তে মুশফিকুর রহিমের থেকেও তিনি পান দারুণ সমর্থন। যে কোনো ভালো ডেলিভারির পর কাছে গিয়ে শান্তকে যেন শান্ত থাকার পরামর্শ দেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
নব্বই ছুঁয়ে ২৪ বল খেলার পর এজাজ প্যাটেলের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কভারের দিকে ঠেলেই দ্রুত রান নিয়ে পূর্ণ করেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। এরপর চিরচেনা উদযাপনে তার আকাশপানে লাফিয়ে ওঠা, ব্যাটে চুম্বন আঁকা।
চলতি বছর এই দৃশ্যের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠারই কথা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের। এই ১১ মাসের মধ্যে যে এমন উদযাপন দেখা গেছে আরও চারবার!
ওয়ানডে বিশ্বকাপে মাঝে ছয় ইনিংসে রান না পেলেও বছরজুড়েই দারুণ ছন্দে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। লাল বলে তিন সেঞ্চুরি করা শান্ত চলতি বছর সাদা বলের ক্রিকেটেও এই মাইলফলক ছুঁয়েছেন দুইবার।
ইংল্যান্ড সফরে গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের পর সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলেন ১০৪ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে পাঁচ সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটসম্যানের।
এক পঞ্জিকাবর্ষে ৪টি করে সেঞ্চুরির আছে শাহরিয়ার নাফীস (২০০৬), তামিম ইকবাল (২০১০) ও মুমিনুল হকের (২০১৮)। এদের মধ্যে মুমিনুল ৪টি সেঞ্চুরিই করেন টেস্টে। মিরপুরে তাকে ছোঁয়ার সুযোগ থাকছে শান্তর সামনে।
গত জুনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ টেস্টের দুই ইনিংসে শান্ত খেলেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস। এবার প্রথম ইনিংসে ৩৭ রানের পর ফের পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া।
এই সংস্করণে অধিনায়কত্বের অভিষেক ম্যাচে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি।
টেস্ট ক্রিকেটে চার ইনিংসের মধ্যে তিন সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশিও ব্যাটসম্যান শান্ত। পাঁচ টেস্ট সেঞ্চুরিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিনি দ্রুততম (৪৬ ইনিংস)।
ইতিহাসগড়া সেঞ্চুরির অর্ধেকটা পথের সঙ্গী মুমিনুল। বাকিটা উপভোগ করেছেন বাইরে থেকে। দিন শেষে শান্তর কীর্তিময় ইনিংসের বন্দনা শোনা গেল মুমিনুলের কণ্ঠে।
"শান্ত গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। এটা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত নিজের খেলা খুব ভালো বোঝে, খুব ভালো জানে। যে কোনো সংস্করণেই মাথা পরিষ্কার থাকে। প্রতিপক্ষের পরিকল্পনাও খুব ভালো বোঝে। অসাধারণ ইনিংস ছিল… ওরা (নিউ জিল্যান্ড) যে চাপ সৃষ্টি করেছে, তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।"
চার ঘণ্টার বেশি সময় ব্যাটিং করে দিন শেষে শান্ত অপরাজিত ১০৪ রানে। তৃতীয় দিন আরও কয়েক ঘণ্টা ব্যাটিং করবেন, তার কাছে এমন চাওয়াই থাকবে দলের। আর তা হলে শান্ত যেমন উঠবেন নতুন উচ্চতায়, তেমনি দলও পাবে ম্যাচ জেতার বড় সুযোগ।
