১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবার উইকেটশূন্য সাকিব, ব্যাটিংয়েও ব্যর্থ

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের পর টানা দুই ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান।

আবার উইকেটশূন্য সাকিব, ব্যাটিংয়েও ব্যর্থ
পরপর দুই ম্যাচে উইকেট পেলেন না সাকিব আল হাসান। ছবি: দুবাই ক্যাপিটালস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

মইন আলির ফুল লেংথ ডেলিভারি দূর থেকে স্লগ সুইপের চেষ্টা করলেন সাকিব আল হাসান। কিন্তু নাগাল পেলেন না। বল তার ব্যাট ফাঁকি দিয়ে এলোমেলো করে দিল স্টাম্প। শেষ হলো অভিজ্ঞ অলরাউন্ডারের আরেকটি নিষ্প্রভ দিন। 

এর আগে বল হাতেও কোনো সাফল্য পাননি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। টানা দুই ম্যাচে ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই ব্যর্থ সাকিব।

গ্লোবাল সুপার লিগে সোমবার বাংলাদেশ সময় সকালের ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করেন সাকিব। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করলেও কোনো উইকেট নিতে পারেননি বাঁহাতি স্পিনার। 

সাকিবের নিষ্প্রভ দিনে জিততে পারেনি দুবাই ক্যাপিটালস। ১৩৯ রানের লক্ষ্যে দুবাইকে মাত্র ৮১ রানে গুঁড়িয়ে দিয়ে ৫৭ রানের ব্যবধানে জয় পেল গায়ানা। 

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। পরে বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট নিয়ে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

তবে ২৪ ঘণ্টা পরই মুদ্রার অন্য পিঠ দেখে ফেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বল হাতে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন তিনি। পরে আউট হয়ে যান মাত্র ৭ রান করে।

সোমবারের ম্যাচে অব্যাহত রইল তার ব্যর্থতার ধারা। ২০ ওভারের ক্রিকেটে এ নিয়ে সবশেষ ১১ ম্যাচের ৭টিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ সাকিব। ব্যাটিং পাননি এক ম্যাচে। আর বল হাতে এই ১১ ম্যাচের ৮টিতে কোনো উইকেট পাননি তিনি।

গায়ানার বিপক্ষে কোনো উইকেট না পেলেও, আঁটসাঁট বোলিংয়ে রানের চাকা থামিয়ে রাখেন সাকিব। সপ্তম ওভারে আক্রমণে এসে টানা ৪ ওভারের স্পেল করেন তিনি। 

নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন সাকিব। পরের ওভারে তার বলে একমাত্র ছক্কাটি মারেন মইন আলি। তার বাকি দুই ওভার থেকে খরচ মাত্র ৭ রান।

দুবাইয়ের পক্ষে কালিম সানা ৩১ রানে ৪ উইকেট নিলে বেশি বড় হয়নি গায়ানার স্কোর।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় দুবাই। পঞ্চম ওভারে পরপর সেদিকুল্লাহ আটাল ও গুলবাদিন নাইবকে ফেরান রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক বল মোকাবেলা করতে নেমে আর বিপদ ঘটতে দেননি সাকিব।

ওই ওভারের শেষ বলে লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে বাউন্ডারি মারেন অভিজ্ঞ অলরাউন্ডার। পরের ওভারে মইনের বলে বড় শটের খোঁজে বিপদ ডেকে আনেন তিনি। 

দুবাইয়ের অন্য ব্যাটসম্যানরাও তেমন কিছু করতে পারেননি। ফলে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 

মাত্র ১২ রানে ৪ উইকেট নেন অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহির। 

তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে দুবাই। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।