আইসিসির নিয়ম মেনে ফিলিস্তিন নিয়ে কোনো বার্তা দেবেন না খাওয়াজা
অনুশীলনে যদিও নিজের বার্তা লেখা জুতা পরেছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান, তবে আইসিসির নিয়ম মেনে ম্যাচে এমন কিছু করবেন না বলেই জানিয়েছেন তিনি।
লাল-সবুজ অক্ষরে জুতোয় লেখা, ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার।’ পার্থে মঙ্গলবার এই বার্তা লেখা ব্যাটিং স্পাইক পরে অনুশীলন করেন উসমান খাওয়াজা। তার বুটের ছবি ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে। তবে অনুশীলনে এটা করলেও আইসিসির বিধিনিষেধ থাকায় এই অস্ট্রেলিয়ান ওপেনার এমন কোনো বার্তা ম্যাচে দেবেন না বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
খাওয়াজার বুটে লেখা বার্তায় ইঙ্গিতটুকু বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও সেখানে মানবিক বিপর্যয় নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বেশ সরব এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ফিলিস্তিনিদের পাশে থাকার নানা বার্তা দিয়েছেন তিনি আগেও।
সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের এসব বার্তা প্রকাশে আইসিসির কোনো বাধা নেই। গত বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান সামাজিক মাধ্যমে একই ইস্যু নিয়ে সরব ছিলেন। তখন আইসিসির কোনো শাস্তি তাকে পেতে হয়নি। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে বিনা সম্মতিতে পোশাকের কোনো অংশে এ ধরনের কোনো বার্তা প্রকাশে আইসিসির বিধিনিষেধ প্রচণ্ড কড়া। ২০১৪ সালে ইংলিশ অলরাউন্ডার মইন আলি একটি টেস্ট ম্যাচে ‘সেভ গাজা’, ‘ফ্রি প্যালেস্টাইন’ বার্তা লিখে খেলতে নেমেছিলেন। তখন তাকে তা খুলে ফেলতে বাধ্য করা হয়েছিল।
ম্যাচ চলার সময় ক্রিকেটাররা কী পরতে পারবেন আর কী পারবেন না, এটা নিয়ে আইসিসির বার্তা একদম পরিষ্কার। ৬৮ পাতার নির্দেশনা আছে এটা নিয়ে। আইসিসির পূর্বানুমতি ছাড়া কোনো বার্তা সম্বলিত কিছু মাঠে কেউ পরতে পারবেন না। এখানেও পরিষ্কার উল্লেখ আছে, রাজনৈতিক কোনো বার্তা প্রকাশের অনুমতি কোনোভাবেই দেওয়া হবে না।
ক্রিকেটকে ব্যবহার করে বিশ্বজুড়ে সব ধরনের মানুষ ও সম্প্রদায়কে এক ছাতার তলে আনার যে কোনো উদ্যোগ আইসিসি সমর্থন করে। কিন্তু সম্ভাব্য বিভেদকারী রাজনৈতিক ইস্যু বা বিষয় তুলে ধরার জন্য ক্রিকেটকে ব্যবহার করার অনুমতি তারা দেয় না।
মঙ্গলবার অনুশীলনে এই বার্তা সম্বলিত বুট পরার কথা আগে থেকে দলকে বা সতীর্থদের জানাননি খাওয়াজা। ছবি ছড়িয়ে পরার পরই মূলত এটা নিয়ে আলোচনা শুরু হয়।
পার্থে বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্টে লড়বে অস্ট্রেলিয়া। তারা এখন সেটিরই প্রস্তুতি নিচ্ছেন।
বার্তা সম্বলিত ওই বুট খাওয়াজা ম্যাচেও পরতে চান বলে খবর বেরিয়েছিল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। তবে বুধবার সকালেই ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে খাওয়াজাকে মনে করিয়ে দিয়েছে আইসিসির নিয়মের কথা।
“আমাদের ক্রিকেটারদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার অধিকারকে আমরা সমর্থন করি। তবে ব্যক্তিগত বার্তা প্রকাশের ক্ষেত্রে আইসিসির বিধিনিষেধ আছে এবং আমরা আশা করি, ক্রিকেটাররা তা মেনে চলবে।
পরে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেন, ম্যাচে কোনো বার্তা দেবেন না খাওয়াজা।
“উজির (উসমান খাওয়াজা) সঙ্গে মাত্রই কথা হয়েছে আমার এবং সে এটা করবে না। আইসিসির নিয়মের ব্যাপারটি এখানে চলে আসছে এবং আমি ঠিক জানি না, উজি এটা আগে থেকে জানত কি না। তবে উজি চায় না, এটা নিয়ে খুব হইচই হোক। তার বুটে লেখা ছিল, ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’ এবং আমার মনে হয়, এটায় কারও দ্বিমত খুব একটা নেই। তার এই বার্তা নিয়ে কারও খুব একটা অভিযোগ আছে বলে মনে হয় না।”
“আমাদের দলের সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোর একটি হলো, দলের সবারই তীব্র নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, ব্যক্তিগত ভাবনা আছে এবং আজকে উজির সঙ্গে কিছুটা কথা হয়েছে আমার। আমার মনে হয় না, সে এরকম চায় যে এটা নিয়ে অনেক তোলপাড় হোক। তবে আমরা তার পাশে আছি। তার জুতোয় লেখা ছিল ‘প্রতিটি জীবনই সমান মূল্যবান’ এবং আমরা তা সমর্থন করি।”
এই ব্যাপারটি গড়িয়েছে এমনকি অস্ট্রেলিয়া সরকার পর্যন্ত। ক্রীড়া মন্ত্রী আনিকা ওয়েলস পার্থে সংবাদ সম্মেলনে শক্তভাবেই পাশে থাকলেন খাওয়াজার।
“কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি সবসময়ই এটার পক্ষে যেন আমাদের অ্যাথলেটদের কথা বলার অধিকার থাকে এবং তাদের কাছে যা গুরুত্বপূর্ণ, তা যেন তারা বলে। উসমান খাওয়াজা দুর্দান্ত এক অ্যাথলেট, দারুণ এক অস্ট্রেলিয়ান এবং সে যেটা গুরুত্বপূর্ণ মনে করে, তা প্রকাশ করার সবটুকু অধিকারই তার আছে। আমার মনে হয়, শান্তিপূর্ণ ও সম্মানজনক উপায়েই সে এটা করেছে এবং আইসিসির প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের বাধ্যবাধকতাকে বাধাগ্রস্থ না করে ব্যক্তিগত মতামত সে ব্যক্ত করতেই পারে।”
