Published : 14 Mar 2026, 12:14 PM
গত আইপিএলে বৈভাব সুরিয়াভানশিকে ঘিরে ছিল বিস্ময়, রোমাঞ্চ ও উচ্ছ্বাস। তিনি নিজে যেমন উপহার দিয়েছেন চমকপ্রদ পারপরম্যান্স, তেমনি তার প্রতিভার ছটায় চোখ ধাঁধিয়ে গেছে প্রতিপক্ষের। এবারের বাস্তবতা ভিন্ন হবেই মনে করেন রবিন উথাপ্পা। এবার প্রতিপক্ষ তৈরিই থাকবে তাকে নিয়ে। সামনের আইপিএলে তাই ভারতের বিস্ময় বালকের কঠিন চ্যালেঞ্জ দেখছেন সাবেক এই ব্যাটসম্যান।
গত আইপিএলের আগেও সুরিয়াভানশিকে নিয়ে তোলপাড় ছিল। বয়সভিত্তিক ও বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটে তার প্রতিভা আর ব্যাটের ধার দেখেই নিলামে তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সেই আলোচনা বা হইচই, সবকিছু তিনি অন্য উচ্চতায় তুলে নেন আইপিএলের পারফরম্যান্সে।
৩৫ বলে সেঞ্চুরিসহ নানা রেকর্ড গড়ে গতবার ৭ ইনিংসে ২৫২ রান করেন তিনি ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। এই বয়সেই যে এমন পর্যায়ের ক্রিকেটে তিনি ব্যবধান গড়ে দিতে পারেন, সেটির প্রমাণ ছিল গত আইপিএল। পরে তো ভারতের অনূর্ধ্ব-১৯ দল, যুব বিশ্বকাপ থেকে শুরু করে ইমার্জিং দল, ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে নানা সংস্করণে নিজের জাত চিনিয়েছেন তিনি।
এবার তাকে নিয়ে বিস্ময়ের উপাদান থাকবে কম। প্রত্যাশার চাপ থাকবে বেশি। দলগুলি তার শক্তি-দুর্বলতা নিয়ে গবেষণা করেই মাঠে নামবে। এখানেই ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের পরীক্ষা দেখছেন উথাপ্পা।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটসম্যান স্টার স্পোর্টসেস বললেন, এই মৌসুমই সুরিয়াভানশির ভিত গড়ে দেবে সামনে এগিয়ে চলার পথে।
“গত ১২ মাসে বৈভাবের প্রতিটি ম্যাচ গভীর মনোযোগে দেখেছি আমি। সে অসাধারণ। তবে তার ব্যাটিং যদি আপনি নিবিড়ভাবে দেখে থাকেন, আমার মনে হয়, ভাগ্যের সহায়তাও কিছুটা পেয়েছে। শুরুর সময়ের রোমাঞ্চটা এখন উবে গেছে। সে কিছুটা ভাগ্যের ভেলায় বয়ে চলেছে। সেটায় অবশ্য সমস্যা নেই।”
“আমার মনে হয়, এই মৌসুম তার জন্য হবে শিক্ষণীয় এবং এটাই তাকে লম্বা সময় এগিয়ে নেবে ও সহায়তা করবে। সে রান করবে এবারও, তবে আমার মনে হয় না, গত বছরের মতো সেরকম চেহারায় তাকে দেখা যাবে।”
এখনও পর্যন্ত মাত্র ১৮ টি-টোয়েন্টি ম্যাচেই ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন সুরিয়াভানশি। ৭০১ রান করেছেন ২০৪.৩৭ স্ট্রাইক রেটে। আগামী ২৭ মার্চ তার বয়স পূর্ণ হবে ১৫।
এবারের আইপিএল শুরু আগামী ২৮ মার্চ। সুরিয়াভানশিদের প্রথম ম্যাচ ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।