২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্যে অশ্বিন

নিলামে ছয় অঙ্কের ভিত্তি মূল্য পাওয়া একমাত্র ক্রিকেটার ভারতের সাবেক এই তারকা স্পিনার।

আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তি মূল্যে অশ্বিন
চেন্নাই সুপার কিংসের অনুশীলনে রাভিচান্দ্রান অশ্বিন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পদক্ষেপ নিয়েছেন রাভিচান্দ্রান অশ্বিন। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) নিলামের জন্য নিবন্ধন করেছেন ভারতের অফ স্পিনিং গ্রেট।

সংযুক্ত আরব আমিরাতের এই লিগে ১ লাখ ২০ হাজার ডলারের ক্যাটাগরিতে আছেন ৩৯ বছর বয়সী অশ্বিন। টুর্নামেন্টের সর্বোচ্চ ভিত্তি মূল্যের এই ক্যাটাগরিতে তিনি ছাড়া নেই আর কেউ।

দুবাইয়ে আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির প্রথম নিলাম।

গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। গত মাসের শেষ দিকে আচমকা আইপিএলকেও বিদায় বলে দেন তিনি। দেশের বাইরের লিগে এখন আর খেলতে বাধা নেই তার।

আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চাওয়ার কথা বলেছিলেন অশ্বিন। সেই পথে এবার এক ধাপ এগোলেন তিনি আইএলটি-টোয়েন্টির নিলামের জন্য নাম দিয়ে। নিলামে ছয় অঙ্কের ভিত্তি মূল্য কেবল তার।

অশ্বিন ছাড়াও নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন আরও ২৩জন ভারতীয়। সব মিলিয়ে, এখন পর্যন্ত ৮০০ জনের মতো নাম দিয়েছেন নিলামের জন্য। ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর ভিত্তি করে এই সপ্তাহেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

আইএলটি-টোয়েন্টির চতুর্থ আসর আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি। ছয় দলের এই টুর্নামেন্টের পুরোটায় পাওয়া যাবে অশ্বিনকে। এরপরে তাকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে। গণমাধ্যমের খবর, আসরের শেষ দিকে তাকে পেতে বিগ ব্যাশের চারটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে।

স্কোয়াড গঠনের নিয়ম অনুসারে, আইএলটি-টোয়েন্টির প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ‘ওয়াইল্ডকার্ড’ বাদে সর্বনিম্ন ১৯ জন এবং সর্বোচ্চ ২১ জন খেলোয়াড় থাকতে হবে। পূর্ণ সদস্য দেশ থেকে কমপক্ষে ১১ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে চারজন, কুয়েত থেকে একজন, সৌদি আরব থেকে একজন এবং অন্যান্য সহযোগী দেশ থেকে দুজন খেলোয়াড় থাকতে হবে।

নিলামের বাইরে থেকে সর্বোচ্চ দুইজন ‘ওয়াইল্ডকার্ড’ প্লেয়ার কিনতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি।