Published : 26 Jul 2025, 07:11 PM
প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করে, বিপদে পড়া দলকে যে দাপটের সঙ্গে জয়ের বন্দরে পৌঁছে দিলেন টিম ডেভিড, তাতে দারুণ কিছু নতুন রেকর্ডের জন্ম হল। পরিসংখ্যানের পাতায় যোগ হল আরও নতুন কিছু সংখ্যা।
সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সময় শনিবার সকালের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড। তার ওই তাণ্ডবে উড়ে যায় স্বাগতিকদের সিরিজ বাঁচিয়ে রাখার আশা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১৪ রান তোলে ক্যারিবিয়ানরা। ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত খেলে ৫৭ বলে ১০২ রানে অপরাজিত থাকেন হোপ। জবাবে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।
সেখান থেকে ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে, চার-ছক্কা ফুলঝুরিতে ২৩ বল বাকি থাকতে, ছয় উইকেট হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৩৭ বলে অপরাজিত ১০২ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ডেভিড। এতে যেসব রেকর্ড ও কীর্তির জন্ম হয়েছে, তা তুলে ধরা হলো বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য।
৬
টি-টোয়েন্টিতে এ নিয়ে ষষ্ঠবার ২০০ বা এর বেশি রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া, এই সংস্করণে কোনো দলের জন্য যা সর্বোচ্চ। ভারত ও দক্ষিণ আফ্রিকা পাঁচবার করে ২০০ এর বেশি রান তাড়া করে জিতেছে।
বিপরীতে, এই নিয়ে ছয়বার আগে ব্যাটিংয়ে ২০০ রান করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ, টি-টোয়েন্টিতে এটাও রেকর্ড। হতাশাজনক এই পরিসংখ্যানের পাতায় তারা পেছনে ফেলল দক্ষিণ আফ্রিকাকে, পাঁচবার তারা ২০০ এর বেশি রানের পুঁজি নিয়েও জিততে পারেনি।
৩৭
এই সংস্করণে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করতে ৩৭ বল লেগেছে টিম ডেভিডের, অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে যা দ্রুততম। ভেঙে দিয়েছেন গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে জশ ইংলিসের ৪৩ বলের সেঞ্চুরির আগের রেকর্ড।
সেঞ্চুরির লক্ষ্যে ছোটার পথে ১৬ বলে ফিফটি করেন ডেভিড, এটাও নতুন অস্ট্রেলিয়ান রেকর্ড। আগের রেকর্ড ছিল ১৭ বলে; ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মার্কাস স্টয়নিস ও ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ট্রাভিস হেড করেছিলেন।
১১
ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে এদিন ১১টি ছক্কা হাঁকিয়েছেন ডেভিড। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ইনিংসে তার চেয়ে বেশি ছক্কা মারতে পেরেছেন কেবল অ্যারন ফিঞ্চ- ২০১৩ সালে সাউথ্যাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংসে ১৪ বার উড়িয়ে সীমানার ওপারে বল ফেলেছিলেন সাকে এই ব্যাটসম্যান।
এদিন মুখোমুখি প্রথম ২৬ বলে ১০টি ছক্কা মারেন ডেভিড; এই সংস্করণে এর আগে কেবল তিন জন ক্রিকেটার কোনো ইনিংসে প্রথম ২৬ বলে ১০ বা এর বেশি ছক্কা হাঁকাতে পেরেছেন।
১২৮
রান তাড়ায় পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়েন ডেভিড ও মিচেল ওয়েন। টি-টোয়েন্টিতে পঞ্চম বা এর নিচের কোনো উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে যা সর্বোচ্চ জুটি।
এছাড়া রান তাড়ায় যেকোনো দলের ক্ষেত্রেই পঞ্চম বা এর নিচের কোনো জুটিতে এটা সর্বোচ্চ রানের জুটি।
১
এই সংস্করণে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ নম্বরে কিংবা তার নিচে ব্যাটিংয়ে নেমে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন ডেভিড। দেশটির হয়ে টি-টোয়েন্টিতে এর আগে যে ১১টি সেঞ্চুরি হয়েছে, সবগুলোই ব্যাটিং লাইনআপের প্রথম চার ব্যাটসম্যানের।
সব দলের বিবেচনায় কেবল দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সফল রান তাড়ায় পাঁচ নম্বর বা তার নিচে নেমে সেঞ্চুরির স্বাদ পেলেন ডেভিড। ২০২৩ সালে প্রথম এই কীর্তি গড়েছিলেন নিউ জিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, পাকিস্তানের বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০৪ রান।
১৬.১
এদিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২১৫ রানের লক্ষ্য ছুঁতে অস্ট্রেলিয়ার লাগে ১৬.১ ওভার। টি-টোয়েন্টিতে ২০০ এর বেশি রান তাড়ায় ওভারের হিসেবে এটা চতুর্থ সর্বোচ্চ দ্রুততম, এই তালিকার আগের তিনটিই ২০১৫ সালের ঘটনা।
১
ওয়েস্ট ইন্ডিজে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া (পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচেই ৩-০তে এগিয়ে গেছে তারা)।
এর আগে ক্যারিবিয়ানে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া এবং ওই সিরিজগুলোয় আট ম্যাচ খেলে জিতেছিল মাত্র দুটিতে।
২
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরির স্বাদ পেলেন শেই হোপ, পাশে বসলেন গ্রেট ব্যাটসম্যান ক্রিস গেইলের।
১০২*
এই সংস্করণে প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করলেন হোপ। এই তালিকায় আগের সর্বোচ্চ ছিল ২০২৪ সালে ওমানের বিপক্ষে নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের ৯৯ রান।
৩৭ বলের সেঞ্চুরিতে ডেভিডের 'শৈশবের স্বপ্ন' পূরণ
রাসেলের ব্যাট দিয়ে উইন্ডিজকে গুঁড়িয়ে ১১ ছক্কার সেঞ্চুরিতে রেকর্ড চুরমার ডেভিডের