ওয়ানডেতে আফগানিস্তানের বোলিংকে হুমকি মানছেন হাথুরুসিংহে
তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা এগিয়ে থাকবে বলে মনে করেন দলের প্রধান কোচ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দলই পাচ্ছে আফগানিস্তান। এই সিরিজে আফগান বোলারদের সামলানো কঠিন হবে বলে মনে করেন চান্দিকা হাথুরুসিংহে। বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজাতে চান বাংলাদেশের প্রধান কোচ।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে শনিবার ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে হারে আফগানিস্তান। চোট থেকে সেরে উঠলেও সতর্কতার অংশ হিসেবে ওই ম্যাচে রাখা হয়নি আফগান বোলিংয়ের মূল অস্ত্র রশিদ খানকে। তবে ওয়ানডে সিরিজের দলে আছেন এই লেগ স্পিনার। আরও দুই স্পিনার মোহাম্মদ নবি, মুজিব উর রহমান ও পেসার ফজলহক ফারুকিকে নিয়ে বেশ শক্তিশালী তাদের বোলিং আক্রমণ।
দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজে গত বছর বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। চট্টগ্রামে শেষ ম্যাচে বাংলাদেশকে ১৯২ রানে গুটিয়ে ৭ উইকেটের জয় পেয়েছিল তারা। একই মাঠে আগামী ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আফগানিস্তানের পূর্ণ শক্তির দলের বিপক্ষে চ্যালেঞ্জের প্রশ্নে রোববার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে জানান তার ভাবনা। আফগানদের বোলিং সামলানো কঠিন হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি।
“অবশ্যই ওয়ানডে ক্রিকেটে বোলিংয়ের দিক থেকে তারা সেরা দলগুলোর একটি। তাদের বোলিং বড় হুমকি। তাদের বিপক্ষে পরিকল্পনা সাজানোর সময় আমরা বিষয়টি অবশ্যই মাথায় রাখব। আমার মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা কিছুটা এগিয়ে থাকবে।”
