১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

করুনারত্নে ও মেন্ডিসের সেঞ্চুরিতে পিষ্ট আইরিশ বোলিং

গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৮৬।

করুনারত্নে ও মেন্ডিসের সেঞ্চুরিতে পিষ্ট আইরিশ বোলিং

দ্বিতীয় উইকেটে রেকর্ড ২৮১ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে ও কুসল মেন্ডিস। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 07:53 PM

Updated : 16 Apr 2023, 07:57 PM

ফ্ল্যাট উইকেট, প্রতিপক্ষের ধারহীন বোলিং। সুযোগটা কাজে লাগালেন দিমুথ করুনারত্নে ও কুসল মেন্ডিস। দুজনই উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম দিনেই শ্রীলঙ্কার রান পৌঁছে গেল চারশর কাছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৮৬ রান। ওভারপ্রতি রান ৪.৩৮ করে।

প্রথম দুই সেশনে স্রেফ একটি উইকেট হারায় স্বাগতিকরা। শেষ ঘন্টায় ৩ উইকেট নিয়ে কিছুটা লড়াইয়ে ফেরে আইরিশরা।

অধিনায়ক করুনারত্নে ২৩৫ বলে ১৫ চারে খেলেন ১৭৯ রানের ইনিংস। মেন্ডিস ১৯৩ বলে ১৮ চার ও এক ছক্কায় করেন ১৪০।

দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৮১ রান, এই মাঠে যেকোনো উইকেটে যা সর্বোচ্চ। ২০১৩ সালে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ২৬৭ ছিল আগের সেরা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার টস জিতে অনুমিতভাবে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ৬৩ রান। পানি পানের বিরতির পর প্রথম ওভারে নিশান মাদুশকাকে কট বিহাইন্ড করিয়ে শুরুর জুটি ভাঙেন ডানহাতি পেসার কার্টিস ক্যাম্পার।

পরের গল্পটা করুনারত্নে ও মেন্ডিসের। প্রথম সেশনে করুনারত্নে ফিফটি পূর্ণ করেন ৬৯ বলে। চা-বিরতির আগে আসে তার সেঞ্চুরি, ১৩৯ বলে। অভিজ্ঞ ব্যাটসম্যানের পঞ্চদশ টেস্ট সেঞ্চুরি এটি।

৯৪ রান নিয়ে বিরতিতে যাওয়া মেন্ডিস ফিরে এসে প্রথম ওভারেই অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১৪২ বলে। ২৬৭ বলে পূর্ণ হয় জুটির ডাবল সেঞ্চুরি।

৩৫৬ বল স্থায়ী ২৮১ রানের জুটি ভাঙে মেন্ডিসের বিদায়ে। বাঁহাতি স্পিনার জর্জ ডকরেলকে সুইপ করার চেষ্টায় বলের লাইন মিস করে এলবিডব্লিউ হন ডানহাতি ব্যাটসম্যান। নষ্ট করেন একটি রিভিউও।

চার নম্বরে নেমে বাজে শটে শূন্য রানে বিদায় নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। লেগ স্পিনার বেন হোয়াইটের অফ স্টাম্পের অনেক বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন সাবেক লঙ্কান অধিনায়ক।

দ্বিশতকের পথে ছুটতে থাকা করুনারত্নেকে দ্বিতীয় নতুন বলে থামায় সফরকারীরা। ধৈর্য হারিয়ে মার্ক অ্যাডায়ারের বলে আলগা শটে কট বিহাইন্ড হন তিনি।

নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রবাথ জয়াসুরিয়াকে সঙ্গে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন দিনেশ চান্দিমাল।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৮৬/৪ (মাদুশকা ২৯, করুনারত্নে ১৭৯, মেন্ডিস ১৪০, ম্যাথিউস ০, চান্দিমাল ১৮*, জয়াসুরিয়া ১২*; অ্যাডায়ার ১৭-২-৬৬-১, ক্যাম্পার ১২-২-৪৪-১, ম্যাকব্রাইন ২৭-২-১০৭-০, হোয়াইট ১৭-০-৮৬-১, ডকরেল ১৩-০-৬৫-১, টেক্টর ২-০-১২-০)