২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব আমাকে বলেছিল, ও দ্রুততম সেঞ্চুরি করবে: বিসিবি সভাপতি

শেষ পর্যন্ত সাকিব অল্পের জন্য সেঞ্চুরি না পেলেও মুশফিকের সেঞ্চুরিতে খুশি নাজমুল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:40 PM

Updated : 05 Apr 2023, 11:05 PM

খেলা শুরুর আগেই সাকিব আল হাসান দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার বার্তা দিয়েছিলেন বলে দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। শেষ পর্যন্ত সাকিব শতরান না পেলেও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দারুণ খুশি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থার প্রধান। 

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালে যখন উইকেটে যান সাকিব, বাংলাদেশ তখন ধুঁকছে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে। কিন্তু চাপের লেশমাত্র প্রভাব পড়েনি তার ব্যাটিংয়ে। মুমিনুল হক আউট হওয়ার পর ব্যাটিংয়ে গিয়ে প্রথম বলেই তিনি চার মারেন ক্রিজ ছেড়ে বেরিয়ে। সেটি কেবলই শুরু, এরপর চলতে থাকে আগ্রাসী ক্রিকেটে তার এগিয়ে চলা। 

এই পথে ঝুঁকিপূর্ণ কিছু শটও খেলেন তিনি। ৪৫ বলে পা রাখেন তিনি পঞ্চাশে, তার টেস্ট ক্যারিয়ারের যা দ্বিতীয় দ্রুততম ফিফটি। 

বাংলাদেশের হয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে তামিম ইকবাল ও সৌম্য সরকারের, ৯৪ বলে। সাকিবের রান এক পর্যায়ে ছিল ৬৮ বলে ৭১। রেকর্ড গড়ার হাতছানি তাই ছিল তার সামনে। তবে পরের দিকে একটু রাশ টানেন তিনি। শেষ পর্যন্ত সেঞ্চুরিও ছুঁতে পারেননি তিনি বাজে শটে উইকেট বিলিয়ে দেওয়ায়। 

সাকিবের বিদায়ের সময় ৬৯ রানে খেলছিলেন মুশফিক। শেষ পর্যন্ত তিনি ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে আউট হন ১২৬ বলে। 

দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাকিব তাকে আগেই আভাস দিয়ে রেখেছিলেন আগ্রাসী ব্যাটিংয়ের। 

“আমি সকালে এসেছিলাম তাড়াহুড়া করে দুটি সেঞ্চুরি দেখতে। একটি ফসকে গেল (সাকিবের)। খেলা শুরুর আগেই সাকিব আমাকে বলছিল, ও দ্রুততম সেঞ্চুরি করবে। আমি আবার ওকে বলেছিলাম, ‘এই, এসব চলবে না, আগে ফিফটি করো, তার পরে…।’ যাতে ও তাড়াহুড়া না করে। ও ভালো খেলেছে, দুর্ভাগ্যজনকভাবে ১৩ রানের মতো বাকি ছিল, সেঞ্চুরিটা হলো না। তবে মুশফিকের সেঞ্চুরি দেখে ভালো লেগেছে।”