লঙ্কান লিগের অনুমতি না পেলেও তাসকিন বললেন, ‘সব মিলিয়ে ঠিক আছে’
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বিসিবির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন তাসকিন আহমেদ।
জিম আফ্রো টি-টেন লিগে একের পর দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তাসকিন আহমেদ। এর মাঝেই পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পাওয়ার খবর। জিম্বাবুয়েতে বসেই পরে শুনেছেন বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ার খবরও। তবে নানা পারিপার্শ্বিকতা বিবেচনা করে আরেকটি বিদেশি লিগ খেলতে না পারার তেমন আক্ষেপ নেই বলে জানালেন তিনি।
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগ খেলে রোববার দেশে ফিরেছেন তাসকিন। তার দল বুলাওয়ায়ো ব্রেভস তেমন ভালো করতে না পারলেও বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত ছন্দে। দশ ওভারের টুর্নামেন্টে ওভারপ্রতি স্রেফ ৭.৮৫ রান খরচায় বাংলাদেশের গতি তারকা ধরেন ১১ শিকার।
এমন ছন্দে থাকা অবস্থায় তাসকিনকে নিতে চেয়েছিল এলপিএলের দল ডাম্বুলা অরা। কিন্তু সামনে অনেক খেলা থাকায় ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। জিম্বাবুয়ে থেকেই তাই দেশে ফিরে আসেন ২৮ বছর বয়সী পেসার।
অবশ্য খেলার অনুমতি না দেওয়ায় তাসকিনের যে আর্থিক ক্ষতি হবে, তার ক্ষতিপূরণের ব্যাপারে বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিসিবি। সব কিছু মিলিয়ে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে তিনি বললেন, বিসিবির সিদ্ধান্তেই তার ভরসা আছে।
“না না.. (দুর্ভাগা ভাবছি না) আলহামদুলিল্লাহ… আল্লাহ সুস্থ রেখেছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারব। বোর্ড থেকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমার এই মুহূর্তে ওয়ার্কলোড বেশি হয়ে যেতে পারে... এছাড়া তারা ক্ষতিপূরণেরও কথা বলেছে। তো সব মিলিয়ে ঠিক আছে।”
“শুধু লঙ্কা প্রিমিয়ার লিগই তো নয়, বিশ্বের প্রায় সব লিগ থেকেই এখন সুযোগ আসছে। এখন মূলত ওই সময় খেলার জন্য ফ্রি থাকাটাই মূল বিষয়। আল্লাহ যদি সুস্থ রাখেন... দোয়া করেন, সামনে আরও বড় বড় লিগে (সুযোগ) আসবে, আর সামনে যেন আরও ভালো করতে পারি।”
তাসকিনকে ‘না’ করা হলেও, এলপিএল খেলার অনুমতি পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। দেশ ছাড়ার আগে তরুণ বাঁহাতি পেসার জানিয়েছেন, এলপিএল খেলার অভিজ্ঞতা শ্রীলঙ্কায় হতে যাওয়া সামনের এশিয়া কাপে তাকে সাহায্য করবে। একই সুযোগ পেতে পারতেন তাসকিনও।
তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর এলপিএল না খেলে সরাসরি এশিয়া কাপে যাওয়ার সিদ্ধান্তের যথার্থতা বুঝতে পেরেছেন তারকা পেসার।
“আসলে আমাদের ওয়ার্কলোড দেখভাল করার আলাদা টিম আছে। তারা চিন্তা করেছে, আমি যদি এলপিএল খেলে এশিয়া কাপে যেতাম, তাহলে মাত্র মাঝখানে পাঁচদিন বিরতি থাকত। হয়তো বোলিং লোডটা অনেক বেশি হয়ে যেত। যেহেতু আমি একজন ফাস্ট বোলার; যদিও চার ওভার, দুই ওভার; কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তো অনেক বেশি থাকে। তারা এভাবে সব মিলিয়ে চিন্তা করে বলেছে, এলপিএলটা এখন না খেলা ভালো।”
সামনে অন্যান্য লিগ থেকে তাসকিন ডাক পাবেন কি না, সেটি সময়ই বলে দেবে। তবে জিম্বাবুয়ের টি-টেন লিগে বিদেশি ক্রিকেটারদের থেকে তিনি পেয়েছেন দারুণ সাড়া। নিজ নিজ দেশের লিগে তারা তাসকিনকে পাওয়ার আশা ব্যক্ত করেছেন বলেই দাবি করলেন তিনি।
“(জিম্বাবুয়েতে) অনেক দেশের অনেক ক্রিকেটারের সঙ্গে দেখা হয়েছে। সবাই বলছিল, ভালো উন্নতি হচ্ছে, ভালো করছ। বিভিন্ন ক্রিকেটাররা জিজ্ঞেস করছিল, তাদের লিগের সময় আমি ফ্রি আছি কি না। আমি বলেছি, ‘এটা পরে জানাব।’ যেহেতু তিন সংস্করণ খেলি, সবসময় খেলার জন্য ফ্রি থাকা কঠিন।”
প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে গিয়ে দলের সেরা বোলার হওয়ার তৃপ্তির কথাও বললেন তাসকিন।
“ব্যক্তিগতভাবে একটা ভালো অভিজ্ঞতা ছিল। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললাম, অভিজ্ঞতাটা ভালোই ছিল। যদিও দল হিসেবে আমরা ফাইনাল খেলতে পারিনি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মোটামুটি ভালোই খেলেছি।”
“(নিজের পারফরম্যান্সে) সন্তুষ্ট বলতে, এখন ছন্দটা ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে... এটাই। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি। ব্যক্তিগতভাবে হয়তো মোটামুটি ভালো টুর্নামেন্ট গিয়েছে। তবে এখনও উন্নতির লক্ষ্যেই আছি।”
