১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে।

নিউ জিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

আজহার মাহমুদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 12:04 AM

Updated : 09 Apr 2024, 12:22 AM

নতুন ভূমিকায় পাকিস্তান ক্রিকেটে ফিরলেন আজহার মাহমুদ। দায়িত্বটা যদিও অল্প সময়ের। দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই অলরাউন্ডারকে প্রধান কোচের দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি সোমবার এক বিবৃতিতে জানায়, এই সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। স্পিন বোলিং কোচের দায়িত্ব চালিয়ে যাবেন সাঈদ আজমল। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন সাবেক এই স্পিনার।

মাহমুদ এর আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডে একই দায়িত্বে আছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ১৬৪ ম্যাচ খেলে মাহমুদের উইকেট ১৬২টি, রান ২ হাজার ৪২১।

অনেক দিন ধরেই স্থায়ী কোচ খুঁজছে পিসিবি। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর, সাদা বলের ক্রিকেটের জন্য গ্যারি কারস্টেন ও লাল বলের ক্রিকেটের জন্য জেসন গিলেপ্সিকে প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে তারা। চুক্তির সব আনুষ্ঠানিকতা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে খবর।

নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল।