শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রাওয়ালপিন্ডি টেস্ট
জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের চাই ৮ উইকেট, পাকিস্তানের ২৬৩ রান।
আগ্রাসী ব্যাটিংয়ের আরেকটি দারুণ প্রদর্শনী মেলে ধরলেন হ্যারি ব্রুক। পাকিস্তানকে প্রায় সাড়ে তিনশ রান তাড়ার চ্যালেঞ্জ দিল ইংল্যান্ড। শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়লেন ইমাম-উল-হক ও সৌদ শাকিল। তাতে রোমাঞ্চের মোড়ে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডি টেস্ট। শেষ দিনে হতে পারে যে কোনো ফল।
সিরিজের প্রথম টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার ৮ উইকেট, পাকিস্তানের চাই ২৬৩ রান। ৩৪৩ রানের লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা চতুর্থ দিন শেষ করেছে ২ উইকেটে ৮০ রানে।
দিনের প্রথম ভাগে ইংল্যান্ডের হয়ে বল হাতে আলো ছড়ান অভিষিক্ত অফ স্পিনিং অলরাউন্ডার উইল জ্যাকস। ১৬১ রানে তিনি নেন ৬ উইকেট।
তার নৈপুণ্যে পাকিস্তানকে ৫৭৯ রানে অল আউট করে প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পায় ইংল্যান্ড। পরে তারা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩৫.৫ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান তুলে।
স্রেফ দ্বিতীয় টেস্ট খেলতে নামা ব্রুক প্রথম ইনিংসে ১১৬ বলে ১৫৩ রানের পর এবার করেন ৬৫ বলে ৮৭। ১১ চার ও ৩ ছক্কায় গড়া তার ঝড়ো ইনিংসটি। ৬৯ বলে ৭৩ রান করেন জো রুট। ফিফটি আসে জ্যাক ক্রলির ব্যাট থেকেও, ৪৮ বলে ৫০।
প্রথম তিন দিনের মতো চতুর্থ দিনেও উইকেট ছিল যথারীতি ব্যাটিং সহায়ক। ৭ উইকেটে ৪৯৯ রান নিয়ে রোববার খেলতে নেমে পাকিস্তান যোগ করে আরও ৮০ রান। আগের দিন ১০ রানে অপরাজিত আগা সালমান করেন ফিফটি (৬৭ বলে ৫৩)।
তৃতীয় দিন ৩টির পর এ দিন পাকিস্তানের শেষ ৩ উইকেটই নেন জ্যাকস। ৪২ প্রথম শ্রেণির ম্যাচে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা ভালো ছিল না। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবার গোল্ডেন ডাক এর তেতো স্বাদ পান বেন ডাকেট। ৩৬ রানের মধ্যে ফিরে যান বেন অলিভার পোপও।
ক্রলি আগ্রাসী ব্যাটিং করেন শুরু থেকে। ৪৭ বলে ফিফটি ছোঁয়ার পরই তিনি কট বিহাইন্ড হন মোহাম্মদ আলীর বলে।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তার টানা চতুর্থ পঞ্চাশ ছোঁয়া ইনিংস। এই ম্যাচের প্রথম ইনিংস করেন ১২২। এর আগে ২০২০ সালে সাউথ্যাম্পটন টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৫৩ ও ২৬৭।
এরপর উইকেটে গিয়ে ব্রুক রানের খাতা খোলেন জাহিদ মাহমুদকে ছক্কা হাঁকিয়ে। এই লেগ স্পিনারকে খেলতে ডানহাতি রুট হয়ে যান বাঁহাতিও!
সাবেক ইংলিশ অধিনায়ক ফিফটি করেন ৪৮ বলে। শেষ পর্যন্ত জাহিদের বলেই থামে রুটের ৭৩ রানের ইনিংস, ডানহাতি হয়ে সুইপ করে ক্যাচ দেন তিনি। একই ওভারে বেন স্টোকস বিদায় নেন শূন্য রানে।
ব্রুক চালান তাণ্ডব। তার আরেকটি সেঞ্চুরিও মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে নাসিম শাহর বলে বোল্ড হয়ে সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থামেন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করেন স্টোকস। জ্যাকস ৩ ছক্কা ও এক চারে করেন ১৩ বলে ২৪।
রান তাড়ায় পঞ্চম ওভারেই অলি রবিনসনের শর্ট বলে ক্যাচ দিয়ে বিদায় নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক।
আজহার আলি দুই বল খেলতেই মাঠ ছাড়েন আঙুলে আঘাত পেয়ে। প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান বাবর আজম টিকতে পারেন কেবল ৫ বল। তিনিও শর্ট বলের শিকার, স্টোকসের বলে ক্যাচ দেন কিপারের গ্লাভসে।
ছয় ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি ইমাম ও শাকিল।
৫৫ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ইমাম অপরাজিত আছেন ৬০ বলে ৪৩ রান করে। ৪২ বলে ২৪ রানে খেলছেন শাকিল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৫৭
পাকিস্তান ১ম ইনিংস: ১৫৫.৩ ওভারে ৫৭৯ (আগের দিন ৪৯৯/৭) (সালমান ৫৩, জাহিদ ১৭, হারিস ১২, আলি ০*; অ্যান্ডারসন ২২-৪-৫২-১, রবিনসন ২১-২-৭২-১, লিচ ৪৯-৭-১৯০-২, জ্যাকস ৪০.৩-৬-১৬১-৬, রুট ১৬-৩-৫৪-০, স্টোকস ৭-০-৩৫-০)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৫.৫ ওভারে ২৬৪/৭ ইনিংস ঘোষণা (ক্রলি ৫০, ডাকেট ০, পোপ ১৫, রুট ৭৩, ব্রুক ৮৭, স্টোকস ০, জ্যাকস ২৪, লিভিংস্টোন ৭*; নাসিম ৯.৫-০-৬৬-২, আলি ১০-০-৬৪-২, জাহিদ ১১-০-৮৪-২, সালমান ৫-০-৪৭-১)
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৩) ২০ ওভারে ৮০/২ (শফিক ৬, ইমাম ৪৩*, আজহার ০* আহত অবসর, বাবর ৪, শাকিল ২৪*; রবিনসন ৫-০-২২-১, স্টোকস ৪-০-২০-১, অ্যান্ডারসন ২-১-৪-০, লিচ ২-০-১২-০, রুট ২-০-৩-০)
