২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানের নাটকীয় জয়

শেষ ওভারে নাসিম শাহর বীরত্বে আফগানিস্তানের মুঠো থেকে জয় বের করে নিল পাকিস্তান।

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানের নাটকীয় জয়

শেষ ওভারে পাকিস্তানকে জিতিয়ে ছুটছেন নাসিম শাহ, তার সঙ্গী হারিস রউফ। ছবি: পিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:08 PM

Updated : 25 Aug 2023, 09:30 AM

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ গড়াল শেষ ওভারে। সেখানেও কম হলো না নাটকীয়তা। শেষ হাসি হাসল যেখানে পাকিস্তান। শেষের ব্যাটিং বীরত্বে আফগানিস্তানের মুঠো থেকে জয় বের করে নিলেন বোলার নাসিম শাহ।

শ্রীলঙ্কার হাম্বানতোতায় বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের জয় ১ উইকেটে। ৩০১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা ১ বল বাকি থাকতে।

তিন ম্যাচের সিরিজ পাকিস্তান জিতে নিল এক ম্যাচ হাতে রেখে।

শেষ ২ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২৭ রান, হাতে ২ উইকেট। শেষের আগের ওভারে ১৬ রান নিয়ে লড়াই জমিয়ে তোলেন শাদাব খান।

শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১। ফাজালহাক ফারুকি শুরুতেই রান আউট করে দেন শাদাবকে। বোলার বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ব্যাটসম্যান, বল না ছেড়ে স্টাম্প ভেঙে দেন ফারুকি।

প্রথম বলে চার মারেন নাসিম। পরের দুই বলে আসে ১ রান। ৩ বলে দরকার ৬। চতুর্থ বলে আফগান ফিল্ডারের তালগোল পাকানো ফিল্ডিংয়ে হারিস রউফের ব্যাট থেকে আসে ৩ রান।

পঞ্চম বল ঠিকমতো খেলতে পারেননি নাসিম, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান দিয়ে হয়ে যায় বাউন্ডারি। ব্যাট-হেলমেট ছুড়ে ফেলে উল্লাসে ফেটে পড়েন নাসিম। ঠিক যেন এক বছর আগে এশিয়া কাপের মতো!

শারজাহতে টি-টোয়েন্টি সংস্করণের ওই ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। ফারুকির প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে নাটকীয় জয় এনে দেন নাসিম। সেই জয়ও ছিল ১ উইকেটের!

একটা সময় অবশ্য পাকিস্তানের জন্য সমীকরণ ছিল সহজ। ৩০ ওভার শেষে ১ উইকেটে ১৬৯ রানের শক্ত অবস্থানে ছিল তারা। ফিফটি করে খেলছিলেন ইমাম-উল-হক ও বাবর আজম। বাকি ২০ ওভারে দরকার ১৩২ রান। এরপরই ঘুরে দাঁড়ায় আফগানিস্তান, জাগায় এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের আশা। কিন্তু শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল তাদের জয়।

কাজে এলো না রহমানউল্লাহ গুরবাজের দেড়শ ছোঁয়া রেকর্ড গড়া ইনিংসও। ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা শাদাব।

টানা দ্বিতীয় ফিফটিতে ইমামের ব্যাট থেকে আসে ১০৫ বলে ৯১ রানের ইনিংস। প্রথম ম্যাচে শূন্য রানের পর এবার ৬৬ বলে ৫৩ রান করেন বাবর।

প্রথম ম্যাচে স্রেফ ৫৯ রানে গুটিয়ে যাওয়া আফগানিস্তানকে এবার বড় সংগ্রহের ভিত গড়ে দেন গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ২৪১ বলে ২২৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন।

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে যে কোনো দলের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি এটি। ২০১৭ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের উদ্বোধনী জুটির ২৮৪ রান রেকর্ড।

প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি গড়ে ১৫১ বলে ১৫১ রান করেন গুরবাজ। ১৪ চার ও ৩ ছক্কায় সাজানো তার ইনিংসটি।

গুরবাজের কীর্তি আছে আরও। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম কিপার-ব্যাটসম্যান তিনি। ২০০৫ সালে ভারতের মহেন্দ্র সিং ধোনির ১৪৮ ছিল আগের সেরা। সেটি ছিল ধোনির প্রথম সেঞ্চুরি।

আফগানিস্তানের হয়ে গুরবাজের চেয়ে বড় ইনিংস আছে আর একটিই, গত বছর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ইব্রাহিম জাদরানের ১৬২।

সেই ইব্রাহিম এবার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আউট হন ৮০ রানে। তার ১১০ বলের ইনিংস গড়া ৬ চার ও ২ ছক্কায়।

আফগানিস্তান ব্যাটিংয়ে নামে এ দিন টস জিতে। উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। প্রথম ম্যাচে পাকিস্তানের পেসাররা মিলে ৮ উইকেট নিলেও এবার তেমন সুযোগই তৈরি করতে পারেননি পেস ত্রয়ী শাহিন শাহ আফ্রিদি, নাসিম ও হারিস রউফ।

শুরুর জুটি শতরান স্পর্শ করে ২২তম ওভারে। দারুণ সব শটে ৭২ বলে ফিফটি করেন গুরবাজ। বাম হাতে ব্যথা অনুভব করায় বেশ কয়েকবার ফিজিওর সেবা-শুশ্রূষাও নিতে দেখা যায় তাকে। শতক ছুঁয়ে ফেলেন তিনি ১২২ বলে।

ওয়ানডেতে গুরবাজের ৫টি সেঞ্চুরি হয়ে গেল ২৩ ইনিংসেই। তার চেয়ে কম ইনিংসে ক্যারিয়ারে প্রথম পাঁচ সেঞ্চুরি করতে পেরেছেন কেবল দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও পাকিস্তানের ইমাম-উল-হক, দুজনেরই লেগেছে ১৯ ইনিংস।

ইব্রাহিমকে ফিরিয়ে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙেন লেগ স্পিনার উসামা মির।

মাস দুয়েক আগেও আফগানিস্তানের ছিল না কোনো দুইশ রানের উদ্বোধনী জুটি, চার ম্যাচের মধ্যে তা হয়ে গেল দুটি।

গত মাসের শুরুর দিকে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে গুরবাজ ও ইব্রাহিম মিলেই গড়েছিলেন ২৫৬ রানের জুটি, যে কোনো উইকেটেই আফগানিস্তানের রেকর্ড জুটি সেটি। তারপরই এবারের ২২৭।

ওই ম্যাচে ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস খেলা গুরবাজ এবার ছাড়িয়ে গেলেন সেটি। দেড়শ ছোঁয়ার পরের বলেই থামেন তিনি। একই ওভারে গুরবাজের পর রাশিদ খানকেও ফিরিয়ে দেন আফ্রিদি।

Image

ওয়ানডেতে ২৩ ইনিংসেই ৫ সেঞ্চুরি হয়ে গেল রহমানউল্লাহ গুরবাজের।

নিয়মিত উইকেট হারানোয় শেষ ১০ ওভারে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি আফগানিস্তান। প্রমোশন পেয়ে তিনে নামা মোহাম্মাদ নাবি শেষ ওভারে আউট হন ২৯ বলে ২৯ রান করে।

৫৮ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আফ্রিদি। আগের ম্যাচে দুর্দান্ত এক স্পেলে ১৮ রানে ৫ উইকেট নেওয়া রউফ এবার দেখেন মুদ্রার উল্টো পিঠ। ৭ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

বড় লক্ষ্য তাড়ায় ৫৪ বলে ৫২ রানের জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন ইমাম ও ফাখার জামান। ইমামকে অবশ্য ৫ রানে একবার এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বাঁচেন তিনি বল আগে ব্যাটে লাগায়।

৩৪ বলে ৩০ রান করা ফাখারকে বোল্ড করে শুরুর জুটি ভাঙেন ফারুকি। ইমাম এরপর বাবরের সঙ্গে ১১৮ রানের বড় জুটিতে এগিয়ে নেন দলকে।

ফিফটির পরপর বিদায় নেন বাবর। দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরে উইকেটটি নেন ফারুকি। মোহাম্মাদ রিজওয়ান দ্রুত বিদায় নেন ইমামের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে।

নাবি একই ওভারে ফিরিয়ে দেন আগা সালমান ও উসামাকে। মুজিব উর রহমান এরপর ইমামকে থামিয়ে দিলে ম্যাচ হেলে পড়ে আফগানিস্তানের দিকে। শাদাবের লড়াই শুরু সেখান থেকেই।

প্রথমে ইফতিখার আহমেদের সঙ্গে ৪৭ রানের জুটিতে দলকে এগিয়ে নেন তিনি। এরপর তাকে সঙ্গ দেন লেজের ব্যাটসম্যানরা। শাদাব কাজ শেষ করে না আসতে পারলেও নাসিম পারলেন আরেকবার।

আগামী শনিবার কলম্বোতে হবে শেষ ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৫০ ওভারে ৩০০/৫ (গুরবাজ ১৫১, ইব্রাহিম ৮০, নাবি ২৯, রাশিদ ২, শহিদুল্লাহ ১, শাহিদি ১৫*, রহমান ৪*, আফ্রিদি ১০-০-৫৮-২, নাসিম ৯-০-৪৫-১, রউফ ৭-০-৪৮-০, শাদাব ১০-০-৫৩-০, উসামা ১০-০-৬১-১, ইফতিখার ৪-০-২৪-০)

পাকিস্তান: ৪৯.৫ ওভারে ৩০২/৯ (ফাখার ৩০, ইমাম ৯১, বাবর ৫৩, রিজওয়ান ২, সালমান ১৪, উসামা ০, ইফতিখার ১৭, শাদাব ৪৮, আফ্রিদি ৪, নাসিম ১০*, রউফ ৩*; ফারুকি ৯.৫-০-৬৯-৩, মুজিব ১০-০-৪৫-১, রহমান ১০-০-৮৩-১, নাবি ১০-০-৪৬-২, রাশিদ ১০-০-৫৩-০)

ফল: পাকিস্তান ১ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে পাকিস্তান

ম্যান অব দা ম্যাচ: শাদাব খান