আইপিএলে কোনো রান না করলেও পান্তকে বিশ্বকাপে চান গাভাস্কার
সড়ক দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে আইপিএলে ফিরে পান্ত যদি ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থও হন, তবু তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চান ভারতীয় কিংবদন্তি গাভাস্কার।
রিশাভ পান্তের মাঠে ফিরতে এখনও কয়েক মাস বাকি। তবে তার ফেরার রোমাঞ্চের ছোঁয়া ভারতীয় ক্রিকেটে লাগছে এখনই। সুনিল গাভাস্কার যেমন পান্তকে রেখেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলের ছবি আঁকছেন। এই ভারতীয় কিংবদন্তির মতে, আইপিএলে ফিরে পান্ত যদি ব্যাট হাতে একদমই পারফর্ম না করেন, তার পরও বিশ্বকাপ দলে স্বয়ংক্রিয়ভাবেই রাখা উচিত এই কিপার-ব্যাটসম্যানকে।
গত বছরের ডিসেম্বরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন পান্ত। কয়েক দফা অস্ত্রোপচারের পর এখন চলছে তার মাঠে ফেরার লড়াই। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনবার্সন চলছে ২৬ বছর বয়সী ক্রিকেটারের।
ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির শেষ নাগাদ মোটামুটি ফিট হয়ে উঠবেন তিনি। মার্চ-এপ্রিলে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে আবার তিনি ফিরবেন মাঠে।
আইপিএল শেষ হওয়ার কিছুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সেই বিশ্বকাপের ভারতীয় দলে পান্তকে অপরিহার্য মনে করেন গাভাস্কার। চলতি দক্ষিণ আফ্রিকা-ভারত টি-টোয়েন্টি সিরিজের ফাঁকে স্টার স্পোর্টসে কথোপকথনে সাবেক ভারতীয় অধিনায়ক বললেন, আইপিএল পারফরম্যান্স পান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা হতে পারে না।
“হ্যাঁ, সে (পান্ত) স্বয়ংক্রিয়ভাবেই দলে আসবে। সে একজন ‘ইম্প্যাক্ট’ ক্রিকেটার। যদি আইপিএলে নিজের ফিটনেস দেখাতে পারে সে… মাস চারেক সময় আছে এখনও… যদি সে আইপিএলে খেলে, তাহলে সেখানে যেমনই খেলুক, যদি কোনো সমস্যা ছাড়া গোটা আইপিএল খেলতে পারে, সে স্বয়ংক্রিয়ভাবেই দলে আসবে, তা সে আইপিএলে এক রান করুক বা একদমই কোনো রান না করুক।”
“সে প্রভাববিস্তারী ক্রিকেটার। খেলাটাকে বদলে দিতে পারে সে। আমি যদি নির্বাচক হতাম, আমার প্রথম দুই পছন্দের মধ্যেই সে থাকবে।”
আন্তর্জাতিক ক্রিকেটে পান্ত এখনও পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পেরেছেন কেবল টেস্ট ক্রিকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বিশেষ করে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও ততটা জ্বলে উঠতে পারেননি তিনি। এখানে ৬৬ ম্যাচ খেলে তার রান ২২.৪৩ গড়ে ৯৮৭। স্ট্রাইক রেট ১২৬.৩৭। অথচ সব মিলিয়ে ২০ ওভারের ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১৪৪.৮৪। ১৭৯ ম্যাচে তার রান ৪ হাজার ৩৫৪, গড় ৩১.৩২।
