২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলস-রুশোরা অল আউট ১৫ রানে!

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড এটি।

হেলস-রুশোরা অল আউট ১৫ রানে!

অ্যাডিলেইড স্টাইকার্সের দুই পেসার মিলে গুঁড়িয়ে দেন সিডনি থান্ডারকে। ছবি: অ্যাডিলেইড স্টাইকার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2022, 06:07 PM

Updated : 16 Dec 2022, 07:36 PM

ইনিংসের তৃতীয় বলে উইকেট। এরপর প্রতি ওভারে চলতেই থাকল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। পুরো ৬ ওভার না হতেই ইনিংস শেষ! সিডনি থান্ডার গুটিয়ে গেল স্রেফ ১৫ রানে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড এটিই। বিগ ব্যাশে শুক্রবার অ্যাডিলেইড স্টাইকার্সের বিপক্ষে রান তাড়ায় এমন বিব্রতকর অভিজ্ঞতা হয় আলেক্স হেলস, রাইলি রুশোর মতো ব্যাটসম্যানদের নিয়ে গড়া দল সিডনির।

১৩৯ রান করে অ্যাডিলেইডের জয় ১২৪ রানে।

২০ ওভারের ক্রিকেটে এই প্রথম ২০ রানের নিচে গুটিয়ে গেল কোনো দল। আগের রেকর্ড ছিল ২১। আর সেটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেরই সর্বনিম্ন। ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের জবাবে অমন অভিজ্ঞতা হয়েছিল তুরস্কের।

বিগ ব্যাশে আগের সর্বনিম্ন ছিল ৫৭। ২০১৫ সালে মেলবোর্ন স্টার্সের ১৬৯ রানের জবাবে করেছিল মেলবোর্ন রেনেগেডস।

সিডনির শোগ্রাউন্ড স্টেডিয়ামে স্বাগতিকদের ৫.৫ ওভারে গুটিয়ে দেওয়ার কারিগর হেনরি থর্নটন ও ওয়েস অ্যাগার। দুজনই উপহার দেন টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং।

২৬ বছর বয়সী পেসার থর্নটন একটি মেডেনসহ ২.৫ ওভারে স্রেফ ৩ রান দিয়ে নেন ৫ উইকেট। অ্যাশটন অ্যাগারের ভাই ও অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা পেসার ওয়েস অ্যাগারের প্রাপ্তি ৪ উইকেট, ২ ওভারে ৬ রান দিয়ে।

সিডনির ধ্বংসযজ্ঞের শুরুটা করেন অবশ্য অফ স্পিনার ম্যাথু শর্ট। পয়েন্টে ম্যাথু জিলকসের দারুণ ক্যাচ নেন অ্যাডাম হোস।

পরের ওভারে থর্নটন প্রথম শিকার ধরেন তিনে নামা রুশোকে ফিরিয়ে। এখানেও বড় অবদান শর্টের। স্লিপে লাফিয়ে এক হাতে অসাধারণ ক্যাচ নেন তিনি।

ওই ওভারেই কট বিহাইন্ড হয়ে যান জেসন স্যাঙ্ঘা।

অ্যাগার তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই তুলে নেন হেলসের উইকেট। আলগা শট খেলে কিপারের গ্লাভসে ক্যাচ দেন ইংলিশ ব্যাটসম্যান। এই ওভারেই বোল্ড হন ড্যানিয়েল স্যামস।

থর্নটন তৃতীয় শিকার ধরেন আলেক্স রোসকে কট বিহাইন্ড করে। অ্যাগার নিজের পরের ওভারে আবার নেন জোড়া উইকেট। এবার ক্রিস গ্রিন ধরা পড়েন কিপারের গ্লাভসে, স্লিপে ক্যাচ দেন গুরিন্দার সান্ধু ।

আর থর্নটন ষষ্ঠ ওভারে চার বলের মধ্যে অলিভার ডেভিস ও ব্রেন্ডন ডগেটকে ফিরিয়ে সিডনির ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি নিজে পূর্ণ করেন পাঁচ উইকেট।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া ডগেটের ৪ রানই ইনিংসের সর্বোচ্চ! সেটাও আসে ব্যাটের কানায় লেগে। একমাত্র বাউন্ডারি আসে তার ব্যাট থেকেই। হেলস-সহ চার জন খুলতে পারেননি রানের খাতা।

অ্যাডিলেইডের পিটার সিডল, রশিদ খানের মতো বোলারকে আক্রমণেই আসতে হয়নি! টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো ম্যাচে বল হাতে পেলেন না আফগান লেগ স্পিনার রশিদ।