২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ সময় ‘দেখেন না’ শামীম

সবসময় ইতিবাচক থাকার মন্ত্রে উজ্জ্বীবিত শামীম হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 08:17 PM

Updated : 13 Feb 2023, 03:50 PM

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার পথে শামীম হোসেনকে দেখে থমকে দাঁড়ালেন নাজমুল আবেদীন। ফরচুন বরিশালের কোচ রংপুর রাইডার্সের তরুণ ব্যাটসম্যানকে বললেন, "আমি ওদের (ড্রেসিং রুমে) বলছিলাম, শামীম থাকলে হেরে যাব। তাই হলো...।" দেশের ক্রিকেটের খ্যাতিমান ব্যাক্তিত্বের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে শামীম আপ্লুত হলেন দারুণভাবে।

একটু আগে সংবাদ সম্মেলনেও শামীমকে প্রশংসায় ভাসান নাজমুল। বরিশালকে টুর্নামেন্ট থেকে বিদায় করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেওয়া শামীম পরে নিজে সংবাদ সম্মেলনে বলেন, নেতিবাচকতাকে দূরে ঠেলে তিনি ছুটে চলেছেন উপভোগের মন্ত্রে।

শামীমের এই ভয়ডরহীন মানসিকতার ছাপ দেখা গেছে বরিশালের বিপক্ষে ম্যাচে। আসরে প্রথমবার তিন নম্বরে নামার সুযোগ পেয়ে খেলেছেন ক্যারিয়ার সেরা ৭১ রানের ইনিংস। তার চারটি করে চার-ছক্কায় সাজানো ইনিংসে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে রংপুর। 

টপ অর্ডারে নেমে রংপুরকে জেতালেও শামীমের মূল পরিচয় ফিনিশার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর সেই ভূমিকাতেই খেলেন জাতীয় দলে। 

ক্যারিয়ারের শুরুতে আগ্রাসী ব্যাটিংয়ের ছাপটা ভালোভাবেই রাখেন তিনি। প্রথম দুই ম্যাচে খেলেন ১৩ বলে ২৯ ও ১৫ বলে ৩১* রানের ইনিংস। তবে বেশি দিন ধরে রাখতে পারেননি এই ছন্দ। স্রেফ ১০ ম্যাচ খেলে বাদ পড়ে যান দল থেকে। 

২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি শামীমের। ১০ ম্যাচে ১১১.৭১ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। প্রথম দুই ম্যাচেই ৬০ রান করে ফেলার পর ৮ ম্যাচ করেন মোটে ৬৪ রান।

দল থেকে বাদ পড়ার আগেও টি-টোয়েন্টি সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগে ৩০.৩৭ গড় ১৪৬.৩৮ স্ট্রাইক রেটে করেন ২৪৩ রান। তবে জাতীয় দলে জায়গা হারানোর পর ২০২২ সালের বিপিএলেও হাসেনি তার ব্যাট। 

১০ ম্যাচে একটি ফিফটি করলেও সব মিলিয়ে ১১৭.১৪ স্ট্রাইক রেট ও ১৬.৪০ গড়ে তার নামের পাশে ছিল ১৬৪ রান। তা তাকে জাতীয় দল থেকে আরও দূরে ছিটকে দেয়। 

এবারের বিপিএলেও যে খুব ভালো পারফরম্যান্স করেছেন, তা নয়। লিগ পর্বে ৬ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৩২ স্ট্রাইক রেটে করেন ৯০ রান। এই সবগুলো ম্যাচে তিনি ব্যাটিং করেন নিচের দিকে। 

বরিশালের বিপক্ষে এলিমিনেটরে দলীয় পরিকল্পনার অংশ হিসেবে তিন নম্বরে নামার সুযোগ পান শামীম। তা কাজে লাগিয়ে দলকে এনে দেন জয়। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসে খারাপ সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গ। উত্তরে শামীম জানান, সবসময় ইতিবাচক থাকার কথা।

“আমি দেখি না। খারাপ সময় দেখি না তো। আমি উপভোগ করি সবসময়।”

বরিশালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ ছুঁয়ে গেছে শামীমকেও। তবু ইতিবাচক ব্যাটিংয়েই খুঁজে নিয়েছেন পথ। তবে ম্যাচ শেষ করে আসতে না পারার আক্ষেপও আছে তার।

“বড় ম্যাচ, চ্যালেঞ্জিং তো অবশ্যই। হেরে গেলে টুর্নামেন্ট থেকে বাদ। আমি যখন ব্যাটিংয়ে ছিলাম, চেষ্টা করেছি যদি শেষ করতে পারি।”

“(বড় বড় তারকাদের ছাপিয়ে নায়ক হওয়ার আগে ভয় কাজ করেছে কি না) আসলে আমি এরকম চিন্তাই করি না। আমি সবসময় ইতিবাচক চিন্তা করি। আমি চেষ্টা করি, ইতিবাচকভাবে সব শট খেলার।”

শামীমের ব্যাটিংয়ের কাছে হেরে বিদায় নেওয়া বরিশাল কোচও তুলে ধরেছেন এই দিকটি। সাম্প্রতিক সময়ে ওঠা-নামার মধ্যে থাকলেও শামীমের সামনে ভালো সময় দেখছেন নাজমুল আবেদিন। 

“আমি সবসময় ওকে খুব উঁচুতে জায়গায় বিচার করি। উঁচুতে রাখি এই কারণে নয় যে খুব শট খেলতে পারে বা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে, উঁচুতে রাখি ওর মানসিকতা জন্য। এই সংস্করণে যে মানসিকতা দরকার, এটা ওর আছে। প্রথম ব্যাপার হচ্ছে এটা। এরপর এই মানসিকতাকে সে কীভাবে কাজে লাগাবে, এটা।” 

“খুব কম সময়ই ও ওপরে ব্যাট করার সুযোগ পায়। ও এমন জায়গায় ব্যাট করে, যেখানে এক ধরনের খেলাই খেলতে হয়, মেরে খেলতে হয় ওকে। ও যদি একটু ওপরে ব্যাট করার সুযোগ পায়, নিজেকে আরেকটু গুছিয়ে নিতে পারবে ও ভালো খেলতে পারবে। ওর ব্যাপারে আমি খুব আশাবাদী।”