যাদবের শতকে বড় জয় ভারতের
কেদার যাদব তার ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন। আর অভিষেকেই ভালো ব্যাটিং করেছেন মানিশ পাণ্ডে। এই দুজনের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় জয় পেয়েছে ভারত।
মঙ্গলবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়টি ৮৩ রানের।
২২ ওভারের মধ্যে ৮২ রান তুলতেই ৪টি উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। এরপরও ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত ২৭৬ রান তুলতে পারে যাদব আর মানিশের ভালো ব্যাটিংয়ে।
৮৬ বলে ৪টি চার ও একটি ছয়ে ৭১ রান করে মানিশ আউট হলেও যাদব তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন। ১২টি চার ও একটি ছয়ে ৮৭ বলে অপরাজিত ১০৫ রান করেন তিনি।
পঞ্চম উইকেট জুটিতে ২৫.১ ওভারে ৫.৭২ গড়ে ১৪৪ রান তোলেন যাদব ও মানিশ।
জিম্বাবুয়ের পক্ষে ৫৯ রান দিয়ে দুটি উইকেট নেন নেভিল মাডজিভা। একটি করে উইকেট নেন চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা ও প্রসপার উতসেয়া।
জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে স্কোর বোর্ডে ১৬ রান তুলতেই মাসাকাদজার উইকেট হারায়।
এরপর একটু সতর্কভাবেই খেলতে থাকে স্বাগতিকরা। ২৬তম ওভারের চতুর্থ বলে ১০০ রানে পৌঁছায় তারা। তবে উইকেট ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে। এর মধ্যে আরও দুটি উইকেট হারায় তারা।
মিডল অর্ডার আর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের কেউ বড় ইনিংস খেলতে না পারায় ৪২.৪ ওভারে ১৯৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন চামু চিবাবা। ১০৯ বলের ইনিংসটি ৭টি চারে সাজান তিনি।
তৃতীয় ম্যাচটিও জেতায় তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০তে জিতল ভারত।
এই সফরে এরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। দুটি ম্যাচই হবে হারারেতে। প্রথম টি-টোয়েন্টিটি হবে আগামী শুক্রবার, দ্বিতীয়টি হবে আগামী রোববার।
