‘প্রোটিয়াদের চেয়ে বাংলাদেশের স্পিনাররা ৫ গুণ এগিয়ে’
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্পিন বেশ ভালোভাবেই সামলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। অন্যদিকে প্রোটিয়া স্পিনের উত্তর জানা ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। তার পরও তামিম ইকবালের বিশ্বাস, এখনও অনেক এগিয়ে বাংলাদেশের স্পিনাররা!
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পাত্তা না পাওয়া অনেকের কাছেই বড় বিস্ময় হয়ে আসেনি। তবে সম্ভবত সবাইকে চমকে দিয়েছে প্রোটিয়া স্পিন। ছেলেবেলা থেকেই বাঁহাতি স্পিন খেলে বেড়ে ওঠা বাংলাদেশের ব্যাটসমানরা খেলতে পারেননি অ্যারন ফাঙ্গিসোকে। অভিষিক্ত লেগ স্পিনার এডি লি ম্যাচ-সেরা হয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে। এমনকি পার্ট টাইমার জেপি দুমিনিও ভীষণ ভুগিয়েছেন বাংলাদেশকে। অন্যদিকে এতটা প্রভাব ফেলতে পারেননি বাংলাদেশের স্পিনাররা।
টি-টোয়েন্টি সিরিজের পরদিন শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তবু তামিম এগিয়ে রাখলেন সতীর্থ স্পিনারদের।
“আমি এখনও বিশ্বাস করি, ওদের স্পিনারদের চেয়ে আমাদের স্পিনাররা যে কোনো দিন ভালো। আমাদের সাকিব আছে, বিশ্বসেরা অলরাউন্ডার শুধু নয়, বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা দশে আছে। সব মিলিয়ে যদি তুলনা করতে বলেন, আমাদের স্পিনারদের আমি ৫-৬ গুণ এগিয়ে রাখব।”
তবে প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরের প্রতি সমীহ ঝরল তমিমের কণ্ঠে।
“তাহির খুব ভালো বোলার। এই কন্ডিশনে বোলিংয়ের অভিজ্ঞতাও আছে। যেখানেই খেলছে ভালো পারফর্ম করেছে। ওকে আমাদের সতর্কভাবে খেলতে হবে।”
