২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে বলেই আত্মবিশ্বাসী তামিম 

টি-টোয়েন্টিতে ভালো করতে না পারায় বাংলাদেশের আত্মবিশ্বাসে ধাক্কা লাগাটা স্বাভাবিকই। তবে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে তারা উন্মুখ বলে জানিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 09:42 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে তামিম জানান, টি-টোয়েন্টি সিরিজে হার দলের আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলেনি।
 
“কোনো দিন কেউ চায় না হার দিয়ে শুরু করতে। আমরা যদি একটা বা দুইটা টি-টোয়েন্টিতেই জিততাম তাহলে হয়তো আত্মবিশ্বাস অন্যরকম থাকত। কিন্তু আমরা জানি, যে ফরম্যাটে আমরা সবচেয়ে শক্তিশালী সেই ফরম্যাটেই খেলা আসছে, আর এটা নিয়ে আমরা পুরোপুরি প্রস্তুত।”
 
প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে ও পরেরটিতে ৩১ রানে হারে বাংলাদেশ। তামিম জানান, এখন আর এই হার নিয়ে ভাবতে রাজি নয় তারা। 
 
“আমরা ড্রেসিং রুমে এমন একটা আবহ তৈরি করতে চাই, যা হয়ে গেছে তা হয়েই গেছে; সামনে যা আসছে তা নিয়ে যেন পরিকল্পনা করতে পারি আর আত্মবিশ্বাসী থাকতে পারি।” 
 
গত এক বছর ধরে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম মনে করেন, টি-টোয়ন্টির দুই হারে সব কিছু শেষ হয়ে যেতে পারে না।
 
“আমরা ওয়ানডের দিকে তাকিয়ে। ওয়ানডেতে আমরা অনেক আত্মবিশ্বাসী একটি দল। বেশ কয়েকটা সিরিজে আমরা বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছি। অনেক দিন ধরে এই ফরম্যাটে খেলছি বলে এটায় আমরা স্বচ্ছন্দও।”
 
টি-টোয়েন্টির বাংলাদেশ দলের চেয়ে ওয়ানডের বাংলাদেশ দল অনেক পরিণত, অনেক আত্মবিশ্বাসী। টানা চতুর্থ সিরিজ জয়ের হাতছানি দলটির সামনে। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠতে পারে দলটি। টি-টোয়েন্টি সিরিজের দুঃখ ভুলতে নিজেদের প্রিয় ফরম্যাটই পাচ্ছে স্বাগতিকরা।