২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্সের বিকল্প নেই দ. আফ্রিকা দলে

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে দলের সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন জানিয়েছেন, দুর্দান্ত এই ক্রিকেটারের অভাব অনুভব করবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 06:17 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্য টেস্ট সিরিজের দলে আগে থেকেই ছিলেন না ডি ভিলিয়ার্স। আইসিসির নিষেধাজ্ঞার কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারায় হয়তো স্ত্রীর পাশে থাকার জন্য পুরো সিরিজই বিশ্রাম দেওয়া হয় তাকে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ম্যাকলারেন। তিনি মনে করেন, ডি ভিলিয়ার্সের কোনো বিকল্প পাওয়া সম্ভব নয়।

“আমরা তার অভাব বোধ করব, তিনি ব্যাখ্যাতীত একজন খেলোয়াড়। আমাদের নেতা ও অধিনায়ক হিসেবে আমরা তাকে ভালোবাসি।”   

ম্যাকলারেনের কাছে ডি ভিলিয়ার্স বিশেষ এক জন খেলোয়াড়, “তিনি দীর্ঘ দিন ধরে আমাদের নেতা। কয়েক বছর ধরেই তিনি অসাধারণ এক জন ব্যাটসম্যান।”

ডি ভিলিয়ার্সের জায়গায় লেগ স্পিনার এডি লিকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ডি ভিলিয়ার্স না থাকলেও অতিথিদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। দলের নতুন খেলোয়াড়দের নিয়ে আশাবাদী ৫৪টি ওয়ানডে খেলা ম্যাকলারেন।

“দলে কয়েক জন তরুণ আছে যারা সামনের দিকে তাকিয়ে আছে। বেশিরভাগই বিশ্বকাপে খেলেছে। আমি আশাবাদী প্রথম ছয়/সাত ব্যাটসম্যান দলকে বড় সংগ্রহ এনে দেবে।”

আগামী শুক্রবার ও রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

আর দুই টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে চট্টগ্রামে ২১ জুলাই। পরে ৩০ জুলাই মিরপুরে সিরিজের শেষ টেস্ট খেলবে দল দুটি।

পুরনো খবর:

নতুন নিয়মে অভ্যস্ত হতে সময় লাগবে: তামিম