২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি-মুস্তাফিজের সংঘর্ষ নিয়ে সাবধানী দুই অধিনায়কই

মাঠের বিতর্ক মাঠেই চাপা দিতে চান দুই দলের অধিনায়ক। রেশটা ধরে রাখতে চান না কেউই। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তাই সাবধানী মাশরাফি মুর্তজা ও মহেন্দ্র সিং ধোনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:02 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার মুস্তাফিজের তোপে ৭৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।   

ঘটনা প্রথম ওয়ানডের ২৫তম ওভারে। মুস্তাফিজের বলে রান নিতে ছুটছিলেন ধোনি। ফিল্ডারের দিকে তাকিয়ে মুস্তাফিজ দাঁড়িয়ে ছিলেন উইকেটেই। রান নেওয়ার পথে ধোনি নিজের জায়গা থেকে সরে ধাক্কা মারেন মুস্তাফিজকে। উইকেটের মাঝ থেকে অপর পাশে ছিটকে যান মুস্তাফিজ।

এর আগেও রোহিত শর্মাও একবার রান নেওয়ার সময় সামনে পেয়ে যান মুস্তাফিজকে। তখন রোহিত একটু সরে গিয়ে রান নেন। এমনিতে ফলো থ্রুর পর বোলারের দাঁড়িয়ে থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই। কোনো জায়গায় দাঁড়িয়ে থাকাতেও নিয়মের বাধা নেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঘটনার ব্যখ্যায় হাসিমুখে ধোনি বলেন, “বোলার মনে করেছিল আমি সরে যাব পথ থেকে। আমি মনে করেছিলাম বোলার সরে যাবে। কেউই যায়নি, তাই ধাক্কা লেগে গেছে। আমি মনে করি, খেলায় এমন হতেই পারে। খুব বড় করে দেখার কিছু নেই। পরে আমি ওর সাথে কথা বলেছি।”

মাশরাফিও এই বিতর্ক আর টানতে চান না।

“খেলার সময় মাঠে যে কোনো কিছুই ঘটতে পারে। দিন শেষে আমরা সবাই হাত মেলাই, মাঠে দুই জন আম্পায়ার থাকেন তাদের সঙ্গে আমরা অলোচনা করতে পারি। এটা হতে পারে, এটা এতো গুরুতর কিছু ছিল না।”