ভারতের বিপক্ষে প্রথম তিনশ' বাংলাদেশের
উদ্বোধনী জুটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশকে প্রথমবার শতরানের ভিত্তি এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে সাকিব-সাব্বির-নাসিররা এনে দিলেন আরেকটি প্রথম। ওয়ানডেতে এই প্রথমবার ভারতের বিপক্ষে তিনশ' ছুঁতে পারল বাংলাদেশ।
মিরপুরে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ৩০৭ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২৯৬; ২০১০ সালে এই মিরপুরেই। ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ এসেছিল ওই ম্যাচেই। ৮০ রানের জুটি গড়েছিলেন তামিম ও ইমরুল। ৪২ বলে ৬০ করেছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস করেছিলেন ৭০। পরে ৪৫ বলে অপরাজিত ৬০ মাহমুদউল্লাহ।
তবে ২৯৬ রান করেও মহেন্দ্র সিং ধোনির শতক আর বিরাট কোহলির ৯১ রানে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটে।
এবার শুরুটা যেমন ছিল, তাতে বাংলাদেশের স্কোরটা বড় হতে পারত আরও। শুরুতে তামিম-সৌম্যর ব্যাট ছিল উত্তাল। পরে সাকিব-তামিমের জুটির সময়ও মনে হচ্ছিল ৩২০ ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। টানা উইকেট হারানোয় শেষ পর্যন্ত আর তা হয়নি। তবে তিনশ' ঠিকই ছুঁয়েছে বাংলাদেশ। ২৯৯ থেকে মোহিত শর্মার স্লোয়ার বলে সুইপ করে চার মেরে দলকে তিনশ' এনে দেন মাশরাফি।
বাংলাদেশ ওয়ানডেতে প্রথমবার তিনশ ছুয়েঁছিল এই মাশরাফির ব্যাটের ছোঁয়াতেই। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে বগুড়ায় ২৯৫ থেকে ছক্কা মেরে দলকে তিনশ' এনে দিয়েছিলেন দেশ সেরা এই পেসার।
সব মিলিয়ে ওয়ানডেতে এটি বাংলাদেশের নবম তিনশ'। এই বছরই এই সংগ্রহ হলো তৃতীয়বার!
ওয়ানডেতে বাংলাদেশের তিনশ' রান:
রান | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
৩২৯/৬ | পাকিস্তান | মিরপুর | ২০১৫ |
৩২৬/৩ | পাকিস্তান | মিরপুর | ২০১৪ |
৩২২/৪ | স্কটল্যান্ড | নেলসন | ২০১৫ |
৩২০/৮ | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৯ |
৩১৩/৬ | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৯ |
৩০৯/৬ | নিউ জিল্যান্ড | ফতুল্লা | ২০১৩ |
৩০৭ | ভারত | মিরপুর | ২০১৫ |
৩০১/৭ | কেনিয়া | বগুড়া | ২০০৬ |
৩০০/৮ | সংযুক্ত আরব আমিরাত | লাহোর | ২০০৮ |
