২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পেসারের বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ দেখে বিস্ময় ছুঁয়ে গেছে অনেককেই। ফতুল্লা টেস্টের একাদশে মাত্র এক পেসার খেলানো নিয়ে আলোচনা আর হইচই কম হয়নি। ওয়ানডেতেই আবার উল্টো; একাদশে চার পেসার!

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:08 PM

Updated : 12 Oct 2022, 03:52 PM

পুরনো খবর:

৫ ক্যাচে মুশফিকের দায় মোচন
ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ
আলোচিত মুস্তাফিজের আলোকিত অভিষেক
মুস্তাফিজের তোপে বাংলাদেশের মধুর প্রতিশোধ
ভারতের বিপক্ষে প্রথম তিনশ' বাংলাদেশের
ভারতের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে রেকর্ড

অধিনায়ক মাশরাফি মুর্তজার সঙ্গে তাসকিন আহমেদ ও রুবেল হোসেন অনুমিতই ছিল। সাম্প্রতিক সময়ে এই ত্রয়ীকে নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ সাফল্যও পাচ্ছে নিয়মিত। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই তিনজনের সঙ্গে ওয়ানডে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানেরও। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে দারুণ বোলিং করেছিলেন বাঁহাতি এই পেসার।

বাংলাদেশ তো বরাবরই পেস-বিমুখ দল। এই প্রথম বাংলাদেশ চার পেসার নিয়ে খেলছে কিনা, এই কৌতুহলও আছে অনেকের মাঝে। এই প্রথমবার তো নয়ই, বরং অনেকবারই চার পেসার নিয়ে ওয়ানডে খেলেছে বাংলাদেশ।

ওয়ানডের জগতে বাংলাদেশ পা রেখেছিলই চার পেসার নিয়ে! নিজেদের প্রথম ওয়ানডেতে ১৯৮৬ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নতুন বল হাতে নিয়েছিলেন গোলাম নওশের ও সামিউর রহমান। পরে বোলিং করেছিলেন আরও দুই পেসার, জাহাঙ্গির শাহ বাদশা ও গোলাম ফারুক। এমনকি পরের ম্যাচেও এই চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ।

নব্বই দশকের শেষ দিকে ও নতুন শতাব্দীর প্রথম দশকের প্রায় অর্ধেক জুড়ে বাংলাদেশের ওয়ানডে নিয়মিত ছিলেন খালেদ মাহমুদ। বেশ কিছুদিন নিয়মিত খেলেছেন মুশফিকুর রহমানও। এই দুই পেস বোলিং অলরাউন্ডারের সৌজন্যে অনেক ম্যাচেই চার পেসার নিয়ে খেলার বিলাসিতা দেখাতে পেরেছে বাংলাদেশ। চার ওয়ানডে খেলা পেস বোলিং অলরাউন্ডার মফিজুর রহমান ও দুই ওয়ানডে খেলা নিয়ামুর রশিদের সময়ও একাদশে চার পেসার খেলানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এমনকি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়েও কিন্তু ছিল চার পেসার। ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতকে ১৫ রানে হারানো ম্যাচে খেলেছিলেন মাশরাফি, তাপস বৈশ্য, নাজমুল হোসেন ও খালেদ মাহমুদ। দলের জয়ে বড় অবদানও ছিল এই চারজনের। মাশরাফি, তাপস ও মাহমুদ নিয়েছিলেন দুটি করে উইকেট। উইকেট না পেলেও ৭ ওভারে মাত্র ২৬ রান দিয়েছিলেন নাজমুল।

সেদিনও আগে ব্যাট করেছিল বাংলাদেশ; চার পেসার আক্রমণ শানিয়েছিলেন পরে। সেদিনের জয়ের নায়ক মাশরাফি পুনরাবৃত্তি চাইবেন নিশ্চয়ই এই ম্যাচের ফলাফলেও!