২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে রেকর্ড

শুরু থেকেই তামিম-সৌম্যর ব্যাটে ঝড় বাংলাদেশকে নিয়ে গেল নতুন এক ঠিকানায়। মিরপুরে প্রথম ওয়ানডেতে উদ্বোধনী জুটিতেই তামিম ইকবাল ও সৌম্য সরকার গড়েন ১০২ রানের জুটি। ওয়ানডে এই প্রথম ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে শতরান পেল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 05:36 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

ভারতের বিপক্ষে এর আগে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটিতেও ছিলেন তামিম। ২০১০ সালে এই মিরপুরেই ইমরুল কায়েসের সঙ্গে ৮০ রানের জুটি গড়েছিলেন তিনি। সেই জুটির রানের ৬০ রানই এসেছিল তার ব্যাট থেকে।

এবার শতরানের জুটিতেও তামিম ছিলেন যথেষ্ট আগ্রাসী। তবে এ দিক থেকে তাকেও ছাপিয়ে যান সৌম্য। ১০২ রানের জুটিতে তামিমের রান ৪৫, সৌম্যর ছিল ৫৪।

শতরানের এই জুটি ছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশের পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটিই আছে আর মাত্র তিনটি যার প্রতিটিতেই আছেন তামিম। ইমরুলের ৮০ ও ৫৬ রানের এবং জাভেদ ওমরের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েছিলেন তিনি।

তামিম-সৌম্যর এই জুটি সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের দ্বাদশ শতরানের উদ্ভোধনী জুটি। প্রথম শতরানের উদ্বোধনী জুটি ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়ে। হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে ১৩৭ রানের জুটি গড়েছিলেন আতহার আলি খান ও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মোহাম্মদ রফিক।

সবচেয়ে বড় উদ্বোধনী জুটি শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের, ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭০। তামিম-সৌম্য জুটি এই নিয়ে শতরানের জুটি গড়লেন টানা দুই ম্যাচে। পাকিস্তান সিরিজের শেষ ম্যাচেও দুজন গড়েছিলেন ১৪৫ রানের জুটি। সেবার তামিমের আউটে ভেঙেছিল জুটি, এবার অনাকাঙ্খিতভাবে রান আউট সৌম্য।

আরেকটি জায়গাতেও বাংলাদেশ ছুঁয়েছে নতুন উচ্চতা। শীর্ষ আট দলের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম দলীয় একশ' ছোঁয়ার রেকর্ডও এটিই। তামিম আর সৌম্যর শুরুর তাণ্ডবে মিরপুরে ৭৯ বলে একশ' ছুঁয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে এর চেয়ে কম বলে তিন অঙ্ক ছুঁতে পেরেছিল বাংলাদেশ আর একবারই, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৩ বলে।