আঙুলের চোটে ভারত সিরিজ শেষ মাহমুদউল্লাহর
অনুশীলন করতে গিয়ে আঙুলে পাওয়া চোটটাই কাল হলো মাহমুদউল্লাহ রিয়াদের। বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় ভারত সিরিজে জাতীয় দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান আর খেলতে পারছেন না।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্লিপে ক্যাচ ধরার অনুশীলনের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান মাহমুদউল্লাহ। পরীক্ষা-নিরীক্ষার জন্য মাহমুদউল্লাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক্স রেতে আঙুলে চিড় ধরা পড়ে।
বিশ্বকাপে টানা দুটি শতক করা এই ব্যাটসম্যানের হাতে চিড় ধরার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়োজিদ ইসলাম খান, "আজ (বৃহস্পতিবার) সকালে স্লিপ ফিল্ডিং অনুশীলনের সময় বাহাতের তর্জনীতে আঘাত পেয়েছেন রিয়াদ। এক্স রে করানো হয়েছে, তাতে একটু চিড় দেখা গেছে। তারপর আর অনুশীলন করেনি সে। তার আঙুল আপাতত ক্লিপ দিয়ে আটকে রাখা হয়েছে। আঙুলে যেহেতু ফাটল দেখা গেছে, তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে। হাসপাতালে নিয়ে আরও পরীক্ষা করা হবে।"
পরে দুপুরে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয় মাহমুদউল্লাহকে।
ফলে ১০ জুন ফতুল্লায় শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে নিশ্চিতভাবেই খেলা হবে না মাহমুদউল্লাহর। অভানীয় কিছু না হলে খেলতে পারবেন না ওয়ানডেতেও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে হবে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে সকালেই সড়ক দুর্ঘটনায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান।
বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান বাংলাদেশের সেরা পেসার মাশরাফি। তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছড়ে গেছে। তবে তার চোট গুরুতর নয়।
