মাশরাফির হাতের তালুর ক্ষত নিয়ে চিন্তিত কোচ
ভারত সিরিজের আগে সড়ক দুর্ঘটনায় মাশরাফি বিন মুর্তজা বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও তার হাতের তালুর ক্ষত নিয়ে কিছুটা চিন্তিত জাতীয় দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে।
বৃহস্পতিবার বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পান বাংলাদেশের সেরা পেসার মাশরাফি। তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছড়ে গেছে।
ডান-হাতি বোলার মাশরাফির এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে জাতীয় দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতে চোট বেশি গুরুতর না; কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত।”
“যেহেতু টেস্ট আগে এবং ওয়ানডে সিরিজের আগে সময় আছে; আশা করি, সে সেরে উঠবে। তাকে সেরে ওঠার সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে।”
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে নেই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিসিবির একজন কর্মকর্তা জানান, তারা খুব একটা আশঙ্কা দেখছেন না। তবে ভালোভাবে পরীক্ষা করার জন্য মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
মাশরাফিও দ্রুত সেরে ওঠার আশা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফ্র্যাকচার নাই, ছিলে গেছে। আশা করি, এই মুহূর্তে তেমন বিপদ নেই।”
