সতর্ক থেকে বড় বিপদ এড়ালেন মাশরাফি
মাশরাফির মেয়ে হুমায়রার টিকা দেওয়ার তারিখ বৃহস্পতিবার। তার গাড়িটি মেয়েকে নিয়ে গেছে টিকা কেন্দ্রে। আরেকটি গাড়ির ব্রেকে ছিল সমস্যা। বাসা থেকে ১০-১৫ মিনিটের দূরত্ব স্টেডিয়ামে তাই রিকশায় চেপে রওনা হয়েছিলেন তিনি। পথেই পেছন থেকে বাসের ধাক্কা। তবে উপস্থিত বুদ্ধির জোরে বড় ধরনের আঘাত পাওয়া থেকে বেঁচেছেন দেশ সেরা এই পেসার।
সকাল ৯টার পর পর বাসা থেকে একটু এগিয়ে কালশি রোডের কাছে আসতেই দুর্ঘটনা। মাশরাফিই বর্ণনায়, "পেছনের বাসটি যে একটু এলেমেলো চালাচ্ছিল, সেটি বুঝতে পারছিলাম। রিকশায় বসেই তাই খেয়াল রাখছিলাম বাসটির দিকে। বাসটি যখন আমার রিকশার কাছাকাছি এসে যখন ধাক্কা দেবে প্রায়, বুঝতে পেরেই আমি লাফ দেই। বাস ঠিকই ধাক্কা দেয় রিকশাকে, রিকশার চাকা ভেঙে যায়। পেছনেই ছিল একটি পুলিশের গাড়ি। ওরা এসে আমাকে টেনে তোলে। হাসপাতালেও নিয়ে যেতে চেয়েছিল, তবে আমি ধন্যবাদ জানিয়ে বলি যে নিজেই ব্যবস্থা করে নেব।"
ওই বাস ও বাসের চালককেও আটক করেছিল পুলিশ। তবে মাশরাফিই পুলিশকে অনুরোধ করেন তাদের ছেড়ে দিতে।
তাৎক্ষণিক ভাবে হাসপাতালে না গিয়ে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই চলে আসেন মাশরাফি। বিসিবির চিকিৎসকরা তার দুই হাতে ও হাঁটুতে ব্যান্ডেজ করে দেন। ডান হাতের চোট একটু বেশি। বুড়ো আঙুলের নিচে তালুতে ক্ষত হয়েছে। লাফ দিয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন বলে গরম পিচের ঘষা খেয়ে পুড়েও গেছে। বাঁ হাতের তালুর উল্টো পিঠে ছড়ে গেছে। হাঁটুতেও চোট লেগে ছড়ে গেছে। পরে ফুলেও উঠেছে হাঁটু। ক্যারিয়ার জুড়ে হাঁটুর চোট কম ভোগায়নি মাশরাফিকে। তবে এবার চোট গুরুতর নয়।
দুপুর নাগাদও হাতে ব্যথা ছিল, হাঁটু ফোলা ছিল। তবু বড় কোনো ক্ষতি হয়নি ভেবে স্বস্তির নি:শ্বাস ফেলছিলেন মাশরাফি, "ব্যথা আছে এখনও। তবে এটা কোনো ব্যাপার না। ভাগ্য ভালো আমি বাসটির দিকে চোখ রাখছিলাম। যদি খেয়াল না করতাম বা অন্যমনস্ক থাকতাম, তাহলে হয়তো বাসের ধাক্কায় আরও গুরুতর কিছু হতে পারত। আল্লাহর রহমতে বড় ধরনের একটা বিপদ থেকে বেঁচে গেছি।"
শনিবার থেকেই জিম অনুশীলন শুরু করতে পারবেন বলে মনে করছেন মাশরাফি। ১২ জুন বগুড়ায় বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি ম্যাচটিতেও খেলতে পারবেন বলে আশা বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। বগুড়ায় হাই পারফরম্যান্স ইউনিটের প্রস্তুতি ম্যাচে খেলার কথা মাশরাফিসহ টেস্ট দলের বাইরে থাকা আরও কজনের।
