২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত মাশরাফি

বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও ভারত সিরিজের আগে সড়ক দুর্ঘটনায় আঘাত পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 11:39 AM

Updated : 12 Oct 2022, 03:45 PM

পুরনো খবর:

মাহমুদউল্লাহর চোটে টেস্ট দলে নাসির
সতর্ক থেকে বড় বিপদ এড়ালেন মাশরাফি
আঙুলের চোটে ভারত সিরিজ শেষ মাহমুদউল্লাহর
মাশরাফির হাতের তালুর ক্ষত নিয়ে চিন্তিত কোচ

বৃহস্পতিবার বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে যাওয়ার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন বাংলাদেশের সেরা এই পেসার।
 
স্টেডিয়ামে মাশরাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ঘটনা জানান। তখন তার দুই হাতেই ব্যান্ডেজ ছিল।
 
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি জানান, রিকশায় করে তিনি মিরপুরের বাসা থেকে স্টেডিয়ামে জাতীয় দলের নিয়মিত অনুশীলনে আসছিলেন। একটি বাস পেছন থেকে তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।
 
এতে তার ডান হাতের বুড়ো আঙুলের নিচে তালুতে কেটে গেছে। আর বাঁ-হাতের কিছু অংশ ছড়ে গেছে। 
 
“ফ্র্যাকচার নাই, ছিলে গেছে। আশা করি, এই মুহূর্তে তেমন বিপদ নেই।”
 
মাশরাফির ডান হাঁটুও ছড়ে গেছে। সেখানেও ব্যান্ডেজ করা ছিল। তবে ক্যারিয়ারে বার বার হাঁটুর চোটে পড়া মাশরাফি এবারের এই চোট নিয়ে তেমন চিন্তিত নন।
 
“সে রকম চোট পেলে টের পেতাম, কিন্তু তেমন কিছু অনুভব করছি না। মনে হচ্ছে না এটা বড় কিছু। আগমী পরশু থেকে জিমে অনুশীলন শুরু করব। আশা করছি, আগামী ১২ জুন বগুড়ায় হাই পারফরমেন্স ইউনিটের প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।”
 
ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ভারতের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ জুন শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের দলে নেই।
 
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে ২১ ও ২৪ জুন। দিবা-রাত্রির তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।