টেস্ট বোলিং নিয়ে মুশফিকের হতাশা
টেস্টে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্সে হতাশ মুশফিকুর রহিম। অধিনায়ক মনে করেন, অন্যদের তুলনায় বাংলাদেশের বোলাররা অনেকখানি পিছিয়ে আছে।
ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যে অনেক বড় অবদান রয়েছে বোলারদের। কিন্তু টেস্টে এখনো খুব একটা সফল নন তারা।
“জিততে হলে আমাদের বোলার লাগবে। তাদেরকেও শিখতে হবে পাঁচটা দিন কিভাবে ভালো বোলিং করা যায়, প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করা যায়। সামনের দুইটা সিরিজের আগে এদিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ।”
“জিম্বাবুয়ের কথা বাদ দিলে আমরা কোনো দলের বিপক্ষেই ২০ উইকেট নিতে পারিনি। অন্য দলের পেসাররা যেভাবে পরিকল্পনা করে বোলিং করে, নতুন বা পুরোনো বলে তারা যেভাবে বল করে, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।”
মুশফিক মনে করেন টেস্টে বাংলাদেশের ভালো করতে হলে বোলারদের উন্নতি জরুরি।
“টেস্টে দশ-পনের ওভার পর বল পুরনো হয়ে যায়। পুরনো বলে কিভাবে কার্যকর বোলিং করা যায়, রান কম দেওয়া আর আক্রমণাত্মক বোলিংয়ের ব্যাপারটা শিখতে হবে। আমার মনে হয়, এখানে আমাদের বোলাররা অনেক পিছিয়ে আছে।”
অধিনায়ক মনে করেন, ব্যাটসম্যানরা আলাদাভাবে প্রচুর কাজ করেন বলে তারা ক্রমশ উন্নতি করছেন। এদিকটায় বোলারদের খুব একটা মনোযোগ দেখেন না তিনি।
পেসারদের উন্নতির জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে পেস সহায়ক উইকেট চেয়েছেন মুশফিক।
“আমাদের দেশে পেসাররা প্রথম ১০-১৫ ওভার বল করার পর বাকি সময়টুকু স্পিনাররাই বল করে। পেস সহায়ক উইকেট হলে এক জন পেসার বুঝবে কিভাবে পরিস্থিতি বুঝে দিনে ২০-২৫ ওভার বল করতে হয়। ব্যাটসম্যানরাও পেসারদের খেলা শিখবে।”
