বোলাররা জেতালেন কলকাতাকে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের মাঠে বোলারদের দাপটে জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার জয়টি ৩৫ রানের।
সোমবার টসে হেরে নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ের সুযোগ পায় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান করে গৌতম গম্ভীরের দল।
কলকাতার কোনো ব্যাটসম্যান বড় অঙ্কের রান তুলতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস আসে মনিষ পাণ্ডের ব্যাট থেকে। তারপরও পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের রান তোলায় লড়াই করার মতো স্কোর পায় কলকাতা।
হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও করণ শর্মা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে নামা হায়দরাবাদ শুরুতেই অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে (৪) হারায়।
১৪.১ ওভারে ৮১ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হায়দরাবাদ। শেষ দিকে কেউ ব্যাটিং ঝড় তুলতে না পারায় ৯ উইকেটে ১৩২ রানে থেমে যায় ওয়ার্নারের দল।
কলকাতার উমেশ যাদব ও ব্র্যাড হগ ২টি করে উইকেট নেন।
আইপিএলের চলতি আসরে এটি কলকাতার পঞ্চম জয়। অন্যদিকে চলতি আসরেই পঞ্চম হারের তেতো স্বাদ পেল হায়দরাবাদ।
