বেলের শতকে ইংল্যান্ডের দিন
ইয়ান বেলের দারুণ শতকে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। দিন শেষে অতিথিরা ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩৪১ রান।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে যান গত অ্যাশেজের পর আবার মাঠে নামা জোনাথন ট্রট। কেমার রোচের ইনসুইঙ্গারে ছত্র্রখান হয় অ্যালেস্টার কুকের (১১) স্টাম্প। আর জেসন হোল্ডার ফর্মহীন গ্যারি ব্যালেন্সকে (১০) দ্রুত বিদায় করে দিলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৪-৩।
সেখান থেকে জো রুটকে নিয়ে প্রতিরোধ গড়েন বেল। চতুর্থ উইকেট জুটিতে ১৭৭ রানের জুটি গড়ে ৮৩ রানে জেরোম টেইলররের বলে রুট বোল্ড হলে গেলেও অবিচল ছিলেন বেল। পরের উইকেটে বেন স্ট্রোকসের সঙ্গে ১৩০ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।
দিনের শেষ ওভারের আগের ওভারে কেমার রোচের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাত ধরা পরার আগে ১৪৩ রান তোলেন বেল।
১৯৪ বলে ক্যারিয়ারের ২২তম শতকে পৌঁছান বেল। তার ২৫৬ বলের ইনিংসে ২০টি চারের সঙ্গে ছিল একটি ছক্কা।
নাইটওয়াচম্যান জেমস ট্রেডওয়েলকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৭১ রানে অপরাজিত স্ট্রোকস। আগের তিনটি টেস্ট ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোম টেইলর ও কেমার রোচ ২টি করে উইকেট নেন।
