২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে পূর্বাঞ্চলের শিরোপা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরের শিরোপা জিতেছে পূর্বাঞ্চল। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় রোমাঞ্চকর ফাইনালে উত্তরাঞ্চলকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:42 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯১ রান করে উত্তরাঞ্চল।

৮৮ রানে তিন উইকেট হারানো উত্তরাঞ্চলের সংগ্রহ তিনশ’ রানের কাছাকাছি পৌঁছায় মাহমুদুল হাসান ও নাসির হোসেনের দৃঢ়তায়। চতুর্থ উইকেটে এই দুই জন গড়েন ১৪০ রানের চমৎকার এক জুটি।

যে কোনো ধরণের ক্রিকেটে প্রথম শতকে পৌঁছানোর পথে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদুল। তার ১৩২ বলের দৃঢ়তাভরা ইনিংসটি ১১টি চারে সাজানো।

দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও মাত্র চার রানের জন্য শতক পাননি নাসির। ৮৪ বলে খেলা তার ৯৬ রানের অধিনায়কোচিত ইনিংসটি ৮টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

পূর্বাঞ্চলের আসিফ আহমেদ ও আরাফাত সানি দুটি করে উইকেট নেন।

পূর্বাঞ্চল ইনিংস একবার বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৬ ওভারে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তাদের লক্ষ্য দাঁড়ায় ২৭৮ রান। এক ওভার বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

মাত্র ৫ রান করে তামিম ইকবালের বিদায়ে শুরুটা ভালো হয়নি পূর্বাঞ্চলের। ফরহাদ রেজার বলে এগিয়ে এসে মারতে গিয়ে তাইজুল ইসলামের ক্যাচে পরিণত হন তিনি।

দ্বিতীয় উইকেটে লিটন দাস ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় পূর্বাঞ্চল। অর্ধশতকে পৌঁছে লিটনের বিদায়ে ভাঙে বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি।

তাইজুলের প্রথম ওভারে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৮ রান নেন লিটন। প্রান্ত বদল করে ঠিকই ‘প্রতিশোধ’ নেন বাঁহাতি স্পিনার তাইজুল। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

তাইজুলের বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে যান লিটন। ৩৭ বলে খেলা এই ডানহাতি ব্যাটসম্যানের ৫০ রানের আক্রমণাত্মক ইনিংসটি ৬টি চার ও ২টি ছক্কায় সাজানো।

২০তম ওভার শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এই সময়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩১ রান। সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হওয়ার পর ছন্দ হারায় পূর্বাঞ্চল।

দ্রুত এক রান নিতে গিয়ে অধিনায়ক মুমিনুলের রান আউট পূর্বাঞ্চলের বিপদ আরো বাড়ায়। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৭৭ বলে খেলা ৭৮ রানের ইনিংসটি গড়া ১০টি চারে।

২ উইকেটে ১৩৩ রান থেকে এক সময়ে পূর্বাঞ্চলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৮৬ রান। সেখান থেকে দলকে আবার খেলায় ফেরান আসিফ ও আবুল হাসান। ৫৫ রানের জুটি গড়েন এই দুই জনে।

৪৬ রান করে আসিফ ফিরে গেলেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি নতুন ব্যাটসম্যান সানি ও জাতীয় দলে ফেরা হাসান। অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে মাত্র ১৬ বলে ৪০ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তারা।

জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩২ রান প্রয়োজন ছিল পূর্বাঞ্চলের। নাসিরের ওভারে ১৮ ও ফরহাদ রেজার ওভারে ১৭ রান নিয়ে ছয় বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

৩৯ রানে অপরাজিত থাকেন হাসান। চার হাকিয়ে জয় এনে দেয়া সানি অপরাজিত থাকেন ১৮ রানে। দুই জনের ইনিংসই গড়া করে তিনটি করে চার ও একটি করে ছক্কায়।