২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। ফলে ছয় বছরেরও বেশি সময় পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 11:13 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পিসিবি প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে।

২০০৯ সালের মার্চে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে কোনো দল পাকিস্তান সফরে যায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান বৃহস্পতিবার বলেন, “জিম্বাবুয়ের শেষ উত্তর হচ্ছে- হ্যাঁ, আমরা পাকিস্তানে যেতে চাই।”

শাহরিয়ার জানান, জিম্বাবুয়ের পাকিস্তান সফরে আসার ব্যাপারে কিছু বিষয় চূড়ান্ত হওয়ার বাকি আছে।

সিরিজের তিনটি ম্যাচে লাহোরে এবং দুটি করাচিতে আয়োজনের পরিকল্পনার কথা জানান পিসিবি চেয়ারম্যান।

২০০৯ সালের ওই হামলার পর থেকে পাকিস্তান তার ‘হোম’ সিরিজগুলো দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে খেলছে।