২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক নাসির

পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন নাসির হোসেন। ওয়ানডে দলে থাকা ৫ জন আছেন এই দলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 10:25 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 
 
আগামী ১৫ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলবে বিসিবি একাদশ। আর ১৭, ১৯ ও ২২ এপ্রিল ওয়ানডে সিরিজের তিনটি ওয়ানডেই হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।
 
বিসিবি একাদশের ১০ জনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম আছেন এই দলে। 
 
অফস্পিনার সোহাগ গাজী, শুভাগত হোম চৌধুরী, জুবায়ের হোসেন আছেন বিসিবি একাদশ দলে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদারও তাদের সঙ্গী।
 
প্রস্তুতি ম্যাচ বড় একটা পরীক্ষাই হবে জাতীয় দলের থাকা মুমিনুল হক, সাব্বির রহমান, আবুল হাসানদের জন্য। ছন্দে থাকা লিটন দাস, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলীও আছেন বিসিবি একাদশ দলে।     
 
বিসিবি একাদশ: ইমরুল কায়েস, রনি তালুকদার, লিটন দাস, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, সোহাগ গাজী, আল-আমিন হোসেন, নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, আবুল হাসান, মুক্তার আলী, মোহাম্মদ শহীদ।