বিফলে গেল জুনায়েদের দারুণ শতক
জুনায়েদ সিদ্দিকীর শতকে তিনশর বেশি রানের ইনিংস গড়েও লাভ হলো না উত্তরাঞ্চলের। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসরে পূর্বাঞ্চলের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসানের সঙ্গে ১৬৮ রানের উদ্বোধনী জুটি গড়েন জুনায়েদ। ৩২৮ রান করে শেষ বলে অলআউট হয় উত্তরাঞ্চল।
১২৪ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১৩৬ রান করেন জুনায়েদ। মাহমুদুল করেন ৮০ রান, তার ৯২ বলের ইনিংস ৯টি চার ও ১টি ছক্কায় সাজানো।
জবাবে ব্যাট করতে নামা পূর্বাঞ্চল ১৩ ওভারে ২ উইকেটে ৮৪ রান করার পর বৃষ্টি নামে। পরে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
