২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ গেইলের

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি; কোনো ধরণের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন না ক্রিস গেইল। নিউ জিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হতে না হতেই নতুন লক্ষ্য স্থির করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই ব্যাটসম্যান। তার চোখ এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 12:30 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

শনিবার ওয়েলিংটনে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ডের কাছে ১৪৩ রানে হেরে ২০১৫ বিশ্বকাপ অভিযান শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। 
 
কোয়ার্টার-ফাইনালের ম্যাচের আগে পিঠের পুরানো ব্যথা আবার ভুগিয়েছে গেইলকে। কিন্তু দলের জন্য ব্যথানাশক ইনজেকশন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। দলকে অবশ্য জেতাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যান। 
 
নিউ জিল্যান্ডের করা ৩৯৩ রান তাড়া করতে গিয়ে ২৫০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৩ বলে ৬১ রান করে আউট হন গেইল।
 
চোট-জর্জর গেইলের অবস্থা দেখে চারদিকে একটা গুঞ্জন উঠেছিল, তিনি অবসর নিতে পারেন। কিন্তু গেইল এই গুঞ্জন উড়িয়ে দেন। 
 
“আমি কোনো ফরম্যাটেই এখনও অবসর নেইনি।”
 
অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে ভবিষ্যতের কথা বলেন গেইল।
 
“নিশ্চিতভাবেই আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
 
পিঠের ব্যথা সেরে ওঠার জন্য আপাতত একটু বিশ্রাম প্রয়োজন গেইলের। আর এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি।
 
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৩ এপ্রিল। আর আগামী বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে মার্চ-এপ্রিল মাসে।