ইনজেকশন নিয়ে খেলবেন গেইল
নিউ জিল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের আগে পিঠের চোট কাটিয়ে উঠতে ইনজেকশন নিচ্ছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান শেষ আটে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছে তার সতীর্থ ড্যারেন স্যামি।
চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলা হয়নি গেইলের। চোট পুরোপুরি সেরে না ওঠায় বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেননি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দ্বিশতক করা এই ব্যাটসম্যান। তবে স্যামি জানান, বোল্ট-সাউদিদের বিপক্ষে খেলবেন গেইল।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে আগামী শনিবার বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে গেইল খেলতে মুখিয়ে আছেন বলে জানান স্যামি।
“গেইল কোয়ার্টার-ফাইনাল খেলার সুযোগ হারাতে চায় না। আমাদের চেয়েও সে উন্মুখ হয়ে আছে খেলার জন্য।”
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের এ আসরে খেলা পাঁচ ম্যাচে ২৭৯ রান করেন গেইল। এর মধ্যে আছে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ২১৫ রানের 'দানবীয়' ইনিংস।
গেইলের পিঠের চোট ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে স্যামি জানান, ক্যারিবীয়দের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথ করে দেওয়া সতীর্থকে শেষ আটে খেলতে দেখতে চান তারাও।
প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের বোলারদের পরোক্ষভাবে একটা বার্তাও দিয়ে রেখেছেন স্যামি। ক্যারিবীয় দলের এই অলরাউন্ডার জানান, অভিজ্ঞ গেইল উইকেটে থাকলে যে কোনো কিছুই সম্ভব।
